ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। সংসদে কেন্দ্রকে আক্রমণ শানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এই পরিস্থিতিতে শনিবার কৃষক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস সাংসদ। সূত্রের খবর, ভারত-মার্কিন চুক্তির বিরোধিতা করে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন কৃষক নেতারা।
রাহুল যে কৃষক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন শনিবার সেখানে ১৭টি কৃষক ইউনিয়নের প্রতিনিধি ছিলেন। ওয়াশিংটন-নয়াদিল্লির মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে কৃষক নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন বলে সূত্রের খবর। এই চুক্তির ফলে ভারতীয় কৃষকদের স্বার্থ ভূলন্ঠিত হবে বলে অভিযোগ। তাঁদের দাবি, যে সমস্ত ভারতীয় কৃষকরা ভুট্টা, সয়াবিন, তুলো, ফল এবং বাদাম চাষের সঙ্গে যুক্ত, তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। প্রসঙ্গত, কংগ্রেস নেতা রাহুল গান্ধীও সংসদে একাধিক বার বিষয়টি নিয়ে সরব হয়েছেন।
তবে কৃষক নেতাদের সঙ্গে রাহুলের সাক্ষাৎকে কটাক্ষ করেছে বিজেপি। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, কৃষকদের বিভ্রান্ত করে এবং সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘রাহুল ফের নাটক করছেন। তিনি নিজের মনগড়া তত্ত্ব উপস্থাপন করছেন। এবার তিনি কংগ্রেসের কয়েকজন কর্মীর কাঁধে বন্দুক রেখে গুলি চালাচ্ছেন, যাঁরা কৃষক নেতা হওয়ার ভান করছেন।’
