ওঙ্কার ডেস্কঃ প্রজাতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি ভারতবাসীর কাছে গর্বের দিন, জাতীয় উৎসব। চলতি বছর ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। ১৯৫০ সালের এই দিনে, সংবিধান কার্যকর হয়, যা ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত করে। এই জাতীয় উৎসব ভারতের গণতান্ত্রিক ভিত্তি, তার স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও বিবিধের মাঝে মিলনের বার্তা দেয়। দেশের প্রতিটি কোনায় প্রজাতন্ত্র দিবস পালিত হয়। রাজধানী দিল্লির পাশাপাশি কলকাতায় রেড রোডে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
২০২৬ সালে ভারত পালন করছে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। কত তম প্রজাতন্ত্র দিবস, তা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। অনেকেই ভুল করে ১৯৪৭ সাল থেকে প্রজাতন্ত্র দিবস গণনা শুরু করেন, যা আসলে স্বাধীনতা দিবসের বছর। ১৯৫০ সালেই প্রথম প্রজাতন্ত্র দিবস পালিত হয়েছিল। সেই হিসাব অনুযায়ী ধারাবাহিকভাবে বছর গণনা করলে ২০২৬ সাল পড়ে ৭৭তম প্রজাতন্ত্র দিবস। ৭৮তম নয়।
কেন ২৬ তারিখ প্রজাতন্ত্র দিবস পালিত হয়?
১৯৪৭ সালে ভারত স্বাধীন হয়েছিল। কিন্তু স্বাধীনতা ও প্রজাতন্ত্র দিবসের মধ্যে ফারাক আছে। ভারত একটি পূর্ণাঙ্গ প্রজাতন্ত্রে পরিণত হয় ২৬ জানুয়ারি ১৯৫০ সালে, যখন দেশের সংবিধান কার্যকর হয়। স্বাধীনতা রাজনৈতিক মুক্তি এনে দিয়েছিল, আর প্রজাতন্ত্র দিবস ভারতকে দিয়েছে সংবিধানিক ও আইনি পরিচয়। পাশাপাশি ১৯৩০ সালের এই দিনেই ভারতীয় জাতীয় কংগ্রেস ‘পূর্ণ স্বরাজ’ ঘোষণা করেছিল। সেই ঐতিহাসিক স্মৃতিকে সম্মান জানাতেই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে নির্বাচন করা হয়।
ভারতের সংবিধান প্রণয়ন করে গণপরিষদ। আর ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ড. বি. আর. আম্বেদকর। প্রায় তিন বছরের দীর্ঘ পরিশ্রমে তৈরি হয় বিশ্বের অন্যতম বৃহৎ সংবিধান।
প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লির জাতীয় মহাসড়কে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন এবং বীরত্বপূর্ণ পুরষ্কার প্রদান করা হয়। কুচকাওয়াজে সামরিক বাহিনী, আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যুদ্ধবিমানের ফ্লাইপাস্ট এবং রাষ্ট্রীয় ট্যাবলো অন্তর্ভুক্ত থাকে। প্রায় ২৮টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তাদের সংস্কৃতি এবং কৃতিত্ব প্রদর্শন করে।
রাজপথের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রদর্শিত হয়, ভারতের সামরিক শক্তি, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রযুক্তিগত অগ্রগতি, রাজ্যগুলির ঐক্য। এটি দেশের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন।
