ওঙ্কার ডেস্ক: দেশের অন্যতম বড় ধর্মীয় স্থাপনা অযোধ্যার রাম মন্দির। সম্প্রতি মন্দিরের অনুদান তছরুপ হওয়ার ঘটনা সাড়া দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। এই পরিস্থিতিতে ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’ প্রথম সিইও নিয়োগ করতে চলেছে। বুধবার এই নিয়োগ সম্পন্ন হবে। সূত্রের খবর, এই পদের জন্য সবার আগে যাঁর নাম নিয়ে চর্চা হচ্ছে তিনি অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র।
এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র একজন প্রাক্তন ফাইটার পাইলট। তিনি ভারতীয় বিমান বাহিনীতে ৩৯ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। ভারতীয় বিমান বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ অপারেশনাল কমান্ড—‘ওয়েস্টার্ন এয়ার কমান্ড’-এর দায়িত্ব গ্রহণ করেছিলেন মিশ্র। তার কয়েক মাস পরেই ‘অপারেশন সিঁদুর’-এর সময় এই কমান্ডের নেতৃত্ব দেন। অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ নিয়ে বিতর্কের মধ্যেই অযোধ্যা রাম মন্দির পরিচালক সংস্থার বৈঠকটি হতে চলেছে। সূত্রের খবর, এই বৈঠকেই নতুন সিইও নিয়োগ করা হতে পারে বলে খবর সামনে আসছে। ১২ দফা আলোচ্যসূচি সম্বলিত ডিড-এ সংশোধনী আনারও সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। প্রস্তাবিত এই সংশোধনীর মাধ্যমে সিইও-র জন্য নতুন নিয়ম ও ক্ষমতা নির্ধারণ করা হতে পারে।
কে এই এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র? ১৯৮৬ সালের ৬ ডিসেম্বর ফাইটার পাইলট হিসেবে ভারতীয় বিমান বাহিনীতে কাজ শুরু করেন এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র। ৩৮ বছরেরও বেশি সময় তিনি একজন ‘ফাইটার কমব্যাট লিডার’ এবং ‘এক্সপেরিমেন্টাল টেস্ট পাইলট’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর ৩,০০০ ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। পুনের ন্যাশনাল ডিফেন্স একাডেমি, বেঙ্গালুরুর এয়ার ফোর্স টেস্ট পাইলটস স্কুল, মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ব্রিটেনের রয়্যাল কলেজ অফ ডিফেন্স স্টাডিজ-এর প্রাক্তন ছাত্র তিনি।