আর্থিকা দত্ত:
টানা বৃষ্টির জেরে ফের প্রকৃতির রোষের মুখে সিকিম। ভয়াবহ ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়ল পশ্চিম সিকিমের গুরুত্বপূর্ণ রিম্বি – ইউকসোম সড়ক। পাহাড়ের বিশাল অংশ ধসে পড়ে রাস্তা জুড়ে জমে গিয়েছে মাটি, পাথর ও বিশাল ধ্বংসাবশেষ। ফলে ওই রুটে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে যান চলাচল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধসের তীব্রতায় রাস্তার একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, ধসের আশপাশে পাহাড়ের ধারে থাকা একাধিক বাড়িও এখন চরম ঝুঁকির মুখে। পাহাড়ের ঢাল আলগা হয়ে থাকায় যে কোনও মুহূর্তে ফের ধস নামতে পারে বলে আশঙ্কা করছেন বাসিন্দারা।
রিম্বি – ইউকসোম সড়কটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ। রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা। সমস্যায় পড়েছেন স্থানীয় মানুষ, পর্যটক এবং পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষ।
সবচেয়ে বড় উদ্বেগের বিষয়, আপাতত ধস থেমে থাকলেও সংশ্লিষ্ট পাহাড়ের অংশ এখনও পুরোপুরি নিরাপদ নয় বলেই আশঙ্কা। আতঙ্কে রয়েছে পাহাড়ের ধারে বসবাসকারী পরিবারগুলি। তাঁদের দাবি, দ্রুত বিশেষজ্ঞদের দিয়ে পাহাড়ের ঢালের পরিস্থিতি পরীক্ষা করে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
বর্ষা এলেই সিকিমের পাহাড়ি রাস্তায় ধসের আতঙ্ক নতুন নয়। তবে এবার রিম্বি – ইউকসোম সড়কে ধসের ব্যাপকতা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, শুধু ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা খুলে দিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। ভবিষ্যতে একই জায়গায় যাতে বারবার ধস না নামে, তার জন্য প্রয়োজন স্থায়ী পাহাড় সংরক্ষণ ও প্রতিরক্ষা ব্যবস্থা।
বর্তমানে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তবে আবহাওয়া স্বাভাবিক না হওয়া এবং ধসপ্রবণ অংশ নিরাপদ ঘোষণা না হওয়া পর্যন্ত ওই রাস্তায় যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কবে ফের রিম্বি – ইউকসোম সড়কে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরবে, এখন সেই অপেক্ষাতেই স্থানীয় বাসিন্দা থেকে পর্যটক সকলেই।