ওঙ্কার ডেস্ক: নিরাপত্তারক্ষীকে খুন করে চম্পট দিল চার বন্দি। ঘটনাটি ঘটেছে ছত্তিসগঢ়ের বিলাসপুর জেলার সারকান্দা থানা এলাকায়। কিশোর সংশোধনাগারের চার বন্দি এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত নিরাপত্তারক্ষীর নাম নরেন্দ্র কুমার খান্ডে। ৪০ বছর বয়স তাঁর। প্রায় এক বছর ধরে ওই সংশোধনাগারে কর্মরত ছিলেন তিনি। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১১টা নাগাদ। ওই সময় নরেন্দ্র সংশোধনাগারের দোতলায় ডিউটি করছিলেন। আচমকা তাঁর উপর হামলা চালায় চার আবাসিক। বেধড়ক মারধর করে, মুখে গামছা গুঁজে দিয়ে চলে অত্যাচার। হাত-পা শক্ত করে বেঁধে শ্বাসরোধ করে ওই নিরাপরক্ষীকে হত্যা করা হয় বলে অভিযোগ।
নরেন্দ্রকে খুনের পর পালানোর জন্য তিন তলার কাছে একটি গাছ বেয়ে নিচে নামে অভিযুক্তরা। এর পর প্রধান গেটের চাবি নিয়ে খুলে তারা গেটের বাইরে রাখা নিহত নিরাপত্তারক্ষীর বাইক নিয়ে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মূল অভিযুক্ত সম্প্রতি ২০ বছর পূর্ণ করেছে। তাকে শীঘ্রই বিলাসপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরের কথা ছিল। ওই সংশোধনাগারে যাওয়া রুখতে সে অন্য তিন আবাসিককে সঙ্গে নিয়ে পালানোর জন্য এই ভয়াবহ পরিকল্পনা করে। এদিকে মঙ্গলবার সকালে মৃতদেহটি উদ্ধারের পর জেলাশাসক সঞ্জয় আগরওয়াল ও এসএসপি রজনীশ সিং- ঘটনাস্থলে যান। বিলাসপুর জেলা পুলিশ প্রধান রজনীশ সিং বলেন, ‘সন্দেহভাজনদের খুঁজে বের করতে আমরা বিভিন্ন দল মোতায়েন করেছি। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে জোরদার তল্লাশি চলছে। বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছি আমরা।’