ওঙ্কার ডেস্ক: প্রকৃতির রুদ্র রূপে সিকিমে ভয়াবহ পরিস্থিতি। উত্তর সিকিমের মঙ্গন জেলার লাচেনে গতকালই ধস নামে। সূত্রের খবর, সময় যত এগোচ্ছে, পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। লাচেন থেকে চুংথাং যাওয়ার রাস্তার একটি বড় অংশ ভেঙে পড়েছে। আটকে পড়েছেন প্রায় ৮০০ জন পর্যটক।
সূত্রের খবর, লাচেন–চুংথাং রোডের উপর তারুম চু ব্রিজের কাছে এই বিপর্যয় ঘটে। ধসের কারণে আপাতত গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। ফলে লাচেন কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, নিজের অবস্থান না ছাড়তে ও বিশেষ করে রাতের দিকে কোনওরকম যাতায়াত না করতে।
অন্যদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তবে সোমবার সকাল থেকেই উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধারপথ হিসেবে লাচেন–ডংকিয়া লাচুং হয়ে গ্যাংটক রুট ব্যবহার করা হতে পারে।
উদ্ধার কাজে সিকিম প্রশাসনের নেতৃত্বে ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ, বর্ডার রোডস অর্গানাইজেশন, স্থানীয় পুলিশ এবং ভারতীয় সেনা নেমেছে। প্রশাসনের দাবি, যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামত এবং বরফ সরানোর কাজ চলছে।