ওঙ্কার ডেস্ক: কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে আইনি জটিলতা কাটল না। বরং মামলাটি ফের কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে পাঠানোর প্রস্তাব দিল সুপ্রিম কোর্ট। ডিভিশন বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোট স্থগিত রাখার পক্ষেও মত দিয়েছে শীর্ষ আদালত। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি। ফলে পুরভোট ঘোষণার উপর হাই কোর্টের জারি করা স্থগিতাদেশ বহাল থাকছে। আগামী সোমবার, ৩০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি।
বুধবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে। শুনানিতে শীর্ষ আদালত জানায়, মামলাটি হাই কোর্টের ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে। ওয়ার্ড পুনর্বিন্যাসের বৈধতা এবং পুরভোটের ভবিষ্যৎ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে সেই বেঞ্চ। তত দিন একক বেঞ্চের নির্দেশের উপর স্থগিতাদেশ কার্যকর থাকবে। মামলার সমস্ত আইনি ও তথ্যগত দিক খতিয়ে দেখে নতুন করে নির্দেশ দিতে পারবে ডিভিশন বেঞ্চ।
রাজ্যের পক্ষে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্টের প্রস্তাবের পর তিনি সোমবার পর্যন্ত সময় চান। তাঁর বক্তব্য, ওই দিন আদালতের প্রস্তাব নিয়ে রাজ্য সরকারের অবস্থান জানানো হবে। তাঁর আবেদন গ্রহণ করেছে শীর্ষ আদালত। আগামী ৩০ নভেম্বর ফের মামলার শুনানি হবে।
উল্লেখ্য, সম্প্রতি কলকাতা ও হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করেছে রাজ্য সরকার। কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯ করা হয়েছে। অন্য দিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিলও বিধানসভায় পাস হয়েছে। এই পুনর্বিন্যাসের পদ্ধতি নিয়ে শুরু হয় আইনি বিতর্ক। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসকে বেআইনি বলে দাবি করে গত ১১ সেপ্টেম্বর হাই কোর্টে মামলা করেন সিপিএম নেত্রী দীপু দাস। একই ধরনের অভিযোগে হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা মধ্য হাওড়ার প্রাক্তন বিধানসভা নির্বাচনের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। কলকাতার মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। হাওড়ার মামলাটি এখনও কলকাতা হাই কোর্টেই চলছে।