নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: দিল্লির রাস্তায় পথচারীদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে বিচারপতিরা নিজেরাই অবস্থানে বসবেন বলে মৌখিকভাবে সতর্ক করেছে শীর্ষ আদালত।
মথুরা রোডে দিল্লি হাই কোর্টের মোড় এবং জাতীয় চিড়িয়াখানার কাছে পথচারীদের রাস্তা পারাপারের নিরাপদ ব্যবস্থা না থাকা নিয়ে মামলা চলছে বিচারপতি জে বি পার্দিওয়ালা এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে। প্রতিদিন বহু মানুষ এই ক্রসিং দিয়ে হাই কোর্টে যাতায়াত করেন। অভিযোগ, সেখানে পথচারীদের জন্য ন্যূনতম পরিকাঠামো নেই।
গত মাসে শুনানিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, ওই জায়গায় ট্র্যাফিক সিগন্যাল বসানো হয়েছে। কিন্তু তা প্রায়শই অকেজো থাকে বলেও আদালতকে জানানো হয়। এরপর আদালত নির্দেশ দেয়, শুধু সিগন্যাল নয়, ওই ক্রসিংয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণে বাম্পার এবং রাম্বল স্ট্রিপ বসাতে হবে। চলতি মাসের শুরুতেও দ্রুত পদক্ষেপের নির্দেশ দেয় আদালত।
গত শুক্রবার ফের মামলাটি শুনানির জন্য উঠলে অতিরিক্ত সলিসিটর জেনারেল বিক্রমজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, ক্রসিংয়ে কী কী করা প্রয়োজন তা খতিয়ে দেখতে কেন্দ্র একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে। তখনই বেঞ্চ মন্তব্য করে, কমিটি গঠন যথেষ্ট নয়, সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে, না হলে মুখ্যসচিবকে তলব করা হবে।
আইনি ওয়েবসাইট ‘লাইভ ল’-র প্রতিবেদন অনুযায়ী, এই সময়েই বেঞ্চ মৌখিকভাবে সতর্ক করে বলে, ২৫ নভেম্বরের মধ্যে ব্যবস্থা না নেওয়া হলে অতিরিক্ত সলিসিটর জেনারেলকে সঙ্গে নিয়ে দিল্লি হাই কোর্টের বাইরে অবস্থানে বসবেন বিচারপতিরা। যদিও ‘বার অ্যান্ড বেঞ্চ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, মন্তব্যটি হালকা মেজাজেই করা হয়েছে।