ওঙ্কার ডেস্ক: ইউটিউবে ভিডিও দেখে এক ব্যক্তিকে খুন করলেন এক যুবক। ওই ব্যক্তি যুবকের অবৈধ সম্পর্ক গ্রামে ফাঁস করে দিয়েছিলেন এবং তাঁর প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা করেছিলেন বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার করিমনগরে। যদিও ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের রহস্যের কিনারা করেছে। খুনে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম বঙ্গারাপু মহেশ। তাঁর বয়স ৪০ বছর। গ্রেফতারের পর ওই যুবককে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তদন্তকারীরা জানান, নিহত ব্যক্তি ৫২ বছর বয়সী পিতারি মোগিলি। যিনি কৃষি শ্রমিক হিসেবে কাজ করতেন। গত বছর, এক বিবাহিত মহিলাকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। সেই ঘটনায় জেলেও গিয়েছিলেন মোগিলি। কিন্তু অভিযোগ, জেল থেকে ছাড়া পাওয়ার পর, তিনি ওই মহিলাকে আবার হয়রানি করতে শুরু করেন। পাশাপাশি মহেশকেও অপমান করতে থাকেন। ওই মহিলার সঙ্গে মহেশের অবৈধ সম্পর্ক ছিল। মোগিলি সেই সম্পর্কের কথা গ্রামের মানুষজনকে বলে দেয়। যার পর থেকে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। বারবার হয়রানি ও অপমান সহ্য করতে না পেরে মহেশ মোগিলিকে হত্যার সিদ্ধান্ত নেন। পুলিশ জানিয়েছে, এই অপরাধের আগে হামলার পরিকল্পনার জন্য ইউটিউবে হত্যা এবং অস্ত্র তৈরির ভিডিও খুঁজেছিলেন মহেশ।
হুজুরাবাদের এসিপি মাধবী এ বিষয়ে বলেন, ‘শনিবার রাতে মাদিপল্লি গ্রামে মহরমের উৎসবে যোগ দিয়ে মোগিলি সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় মহেশ একটি কালভার্টের কাছে অপেক্ষা করছিলেন। মোগিলিকে দেখা মাত্র পেছন থেকে একটি লোহার রড দিয়ে তার উপর হামলা করেন মহেশ। মাথায় বারবার আঘাত করার পর মহেশ নিশ্চিত হয় মোগিলি মারা গেছেন। এরপর সে বাড়ি ফিরে রক্তমাখা পোশাক পাল্টে পালিয়ে যায়।’ এই ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করে। পাকড়াও করা হয় মহেশকে। জিজ্ঞাসাবাদের সময় হত্যার কথা স্বীকার করে নিয়েছেন ওই যুবক। অপরাধে ব্যবহৃত লোহার রড, মোবাইল ফোন, সাইকেল এবং অপরাধের সময় পরা পোশাক বাজেয়াপ্ত করেছে পুলিশ