ওঙ্কার ডেস্ক: এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন পেশায় নার্স ২০ বছর বয়সী নক্কালা সুরেখা। কিন্তু সেই সম্পর্ক মেনে নিতে পারেনি বাবা-মা। দুজনের বিয়েতে প্রবল আপত্তি জানিয়েছিলেন তাঁরা। আর তারই জেরে বাবা ও মাকে বিষ ইঞ্জেকশন দিয়ে খুন করলেন ওই নার্স। ঘটনাটি ঘটছে তেলেঙ্গানার ভিকারাবাদ জেলায়।
রিপোর্ট অনুসারে, অভিযুক্ত নার্স সুরেখা বেশ কিছুদিন ধরে সম্পর্কে ছিলেন। সঙ্গীকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি। তবে সেই বিয়েতে আপত্তি জানান তাঁর বাবা-মা। ফলে বাড়িতে প্রায় সময় ঝগড়া হতো। তদন্তকারীরা জানিয়েছেন, বাবা মায়ের উপর রাগে এবং হতাশায় সুরেখা তাঁর বাবা-মাকে হত্যার পরিকল্পনা করেছিলেন। জানা গিয়েছে, বিএসসি নার্সিং-এ স্নাতক সুরেখা। যে হাসপাতালে তিনি কর্মরত ছিলেন সেখান থেকে ২.৫ মিলিলিটারের চারটি শিশি চুরি করেছিলেন। বাবা এবং মাকে ৫ মিলি করে ইঞ্জেকশনের মাধ্যমে সেই বিষ প্রয়োগ করেন সুরেখা।
দেহে বিষ প্রয়োগের পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন বাবা-মা। তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে ডাক্তাররা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ওই দম্পতির মেডিকেল রিপোর্ট অনুসারে, দুজনের দেহে বিষাক্ত পদার্থ মিলেছে। এর পরই সন্দেহ তৈরি হয়ে তদন্তকারীদের মনে। পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুলিশি জেরার মুখে সুরেখা নিজের অপরাধ স্বীকার করেছে বলে জানা গিয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক এন শ্রীনিবাস রেড্ডি বিষয়টি নিয়ে বলেন, ‘সম্পর্কের বিরোধিতা করায় বাবা-মায়ের উপর বিরক্ত ছিলেন অভিযুক্ত। রাগের বশে তিনি এই চরম পদক্ষেপ নেন। কীভাবে বিষ এবং সিরিঞ্জ পেলেন তা আমরা তদন্ত করছি। কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ দুজনকে খুনের অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। ইতিমধ্যে ওই নার্সকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তোলা হলে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। এই হত্যাকাণ্ডে সুরেখাকে কেউ সহযোগিতা করেছিলেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
