ওঙ্কার ডেস্ক: যাঁর মন্তব্যের জেরে জন্ম হয়েছিল ককরোচ জনতা পার্টির, দেশের সেই প্রধান বিচারপতি সূর্য কান্তর অনুষ্ঠান স্থগিত করা হল সিজেপির বিক্ষোভের আশঙ্কায়। মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্সেস বা টিআইএসএস এর ৮৬তম সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল আগামী ২ আগস্ট। কিন্তু বিক্ষোভ হতে পারে এই আশঙ্কায় শিক্ষা প্রতিষ্ঠানটি অনুষ্ঠান স্থগিত করেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলে বিচারপতি সূর্য কান্ত। নির্ধারিত সময়ের এক দিন আগে স্থগিতের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসায় জোর শোরগোল তৈরি হয়েছে।
যদিও ছাত্রছাত্রীদের মেল পাঠিয়ে টিআইএসএস কোনও সুনির্দিষ্ট কারণের কথা জানায়নি। মেলে উল্লেখ করা হয়েছে ‘অপ্রত্যাশিত পরিস্থিতি’-র কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ছাত্রছাত্রীদের মতে, ‘ককরোচ জনতা পার্টি’র সদস্যরা বিক্ষোভ দেখাতে পারেন এই অনুষ্ঠানে। সে কারণেই সমাবর্তন স্থগিত করা হয়ে থাকতে পারে। এদিকে টিআইএসএস শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়ায় অনেক শিক্ষার্থী হতাশ হয়েছেন। অনেকে জানিয়েছেন, অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁরা ইতিমধ্যেই তাঁদের বাবা-মা ও আত্মীয়স্বজনের যাতায়াত ও থাকার বন্দোবস্ত করে ফেলেছিলেন।
শুক্রবার এক বিবৃতিতে টিআইএসএস-এর তরফে জানানো হয়, ‘প্রতিষ্ঠানের সর্বোত্তম ও দীর্ঘমেয়াদী স্বার্থে’ এবং অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রতিষ্ঠানের সর্বোত্তম ও দীর্ঘমেয়াদী স্বার্থের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, কর্মী, বিশিষ্ট ব্যক্তিবর্গ, অতিথি এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে সমাবর্তন স্থগিত করার কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে।’ তবে খুব শীঘ্রই সমাবর্তনের নতুন তারিখ জানানো হবে বলে টিআইএসএস জানিয়েছে।