ওঙ্কার ডেস্ক: হাড়হিম করা ঘটনা উত্তরপ্রদেশে। এক নাবালক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল পরিবারের তিন জনকে। ঘুমন্ত অবস্থায় থাকা দাদা, বৌদি এবং তাদের তিন বছরের সন্তানকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরের দিকে গোরক্ষপুর জেলার বালুয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিজেদের বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন অভিযুক্তের দাদা, বৌদি এবং তাঁদের তিন বছর বয়সী ছেলে। অভিযোগ, সেই সময়েই তাঁদেরকে কুপিয়ে হত্যা করে ১৬ বছর বয়সী ওই কিশোর। জেলা সদর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে বাঁশগাঁও থানা এলাকার ওই গ্রামে রাত ৩টা নাগাদ এই ঘটনাটি ঘটে বলে স্থানীয়দের দাবি। নিহতদের নাম অমিত গুপ্ত, তাঁর স্ত্রী রঞ্জনা এবং তাঁদের ছেলে রেয়াংশ। পুলিশ জানিয়েছে, তিন জন একই ঘরে ঘুমাচ্ছিলেন। তখনই কিশোরটি ধারালো অস্ত্র দিয়ে তাঁদের ওপর হামলা চালায়। ঘটনার সময় অভিযুক্তের বাবা-মা অন্য একটি ঘরে ঘুমাচ্ছিলেন। ভোরে চিৎকার শুনে অভিযুক্ত কিশোরের বাবা দ্রুত ওই ঘরে ছুটে যান। তিনি সেখানে গিয়ে দেখেন পরিবারের তিন জন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। সেই সময় তাঁর ছেলেকে দেখা যায় অস্ত্র নিয়ে ঘর থেকে বেরতে।
পরে ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। তদন্তকারীরা অভিযুক্তকে আটক করে। নিহতের বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এসপি (দক্ষিণ) দীনেশ পুরী এ বিষয়ে জানান, ঘরের ভেতরেই ওই তিন জনকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক দোকানের মালিকানা নিয়ে বিবাদের কারণে এই ঘটনা ঘটে থাকতে পারে।