ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ছয় জনের। জখম হয়েছেন ২১ জন। সোমবার মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়েছিল একটি পিক-আপ ভ্যান। সেই সময় সেটিকে ধাক্কা দেয় এক ট্রাক। যার ফলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, জেলা সদর দফতর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে তেমনি গ্রামের কাছে ছিন্দওয়াড়া-বেতুল জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ছিন্দওয়াড়ার পুলিশ সুপার অজয় পান্ডে সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনায় যে ছয় জন নিহত হয়েছেন তাঁদের মধ্যে এক মহিলাও রয়েছেন। ২১ জন এই দুর্ঘটনার ফলে আহত হয়েছেন। ডেপুটি পুলিশ সুপার রামেশ্বর চৌবে জানান, পিক-আপ ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করানো ছিল। চালক সেই সময় কারও সঙ্গে কথা বলছিলেন। তখন ট্রাকটি সেটিকে সজোরে ধাক্কা মারে। যার ফলে গাড়িটি উল্টে যায়। তিনি জানান, ভয়াবহ এই দুর্ঘটনার পর সাময়িক ভাবে রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটির পেছনের বাম দিকের টায়ার ফেটে যায়। এরপর সেটি একটি বাইকে ধাক্কা দিয়ে আরোহীকে পিষে দেয় ও পরে উল্টে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার আশিস খারে জানান, আহতদের মধ্যে দুই-তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি নিহতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। এ ছাড়া গুরুতর আহতদের ১ লক্ষ টাকা করে এবং অন্যান্য আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।