ওঙ্কার ডেস্কঃ ভারত-আমেরিকা অন্তর্বর্তী সমঝোতা। ভারতীয় পণ্যের উপর শুল্ক কমাল আমেরিকা। পরিবর্তে আমেরিকার জন্য কিছু ক্ষেত্রে দরজা খুলতে হয়েছে ভারতকেও। যদিও দিল্লি জানাচ্ছে, কৃষির ‘সংবেদনশীল’ ক্ষেত্রগুলি এখনও সুরক্ষিতই রয়েছে।
নয়াদিল্লি জানিয়েছে, কৃষিজাত ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে ভারতীয় কৃষকদের স্বার্থে কোনও কোপ পড়বে না। যেমন, ভুট্টা, চাল, গম, সয়াবিন, পোলট্রিজাত পণ্য, তামাক, ইথানল এ গুলির ক্ষেত্রে আমেরিকাকে কোনও শুল্কছাড় দেয়নি ভারত।
সূত্রের খবর, শুল্ক কমানোর পরিবর্তে আমেরিকার বেশ কিছু শর্ত মানতে হয়েছে ভারতকে। আমেরিকার কাছ থেকে আগামী পাঁচ বছরে ৫০ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করতে সম্মত হয়েছে নয়াদিল্লি। এছাড়াও আমেরিকার সকল বাণিজ্যিক পণ্য এবং বিভিন্ন খাদ্য ও কৃষিপণ্যের উপর থেকে ভারত হয় শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করে নেবে, নয়তো শুল্কের পরিমান কমাতে হবে। ভারতের বাজারে মার্কিন চিকিৎসা সরঞ্জামের ব্যবসায় বেশ কিছু বাধা ছিল। সেগুলির মোকাবিলা করতে রাজি হয়েছে দিল্লি।
অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতা কার্যকর হলে ভারতীয় পণ্যে আমদানি শুল্কের পরিমাণ কমিয়ে ১৮ শতাংশ করবে আমেরিকা। এর ফলে ভারতের বস্ত্র, চামড়া, জুতো, প্লাস্টিক, রবার, গৃহসজ্জা, রাসায়নিক, বিভিন্ন যন্ত্রাংশ এবং দেশীয় হস্তশিল্পের জন্য আমেরিকার দরজা খুলে যাবে। শুধু তা-ই নয়, বিভিন্ন ভারতীয় পণ্যের উপর কোনও শুল্ক নেবে না আমেরিকা।
