ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চলাকালীন কাজের চাপে পশ্চিমবঙ্গে একাধিক বিএলও আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ। এবার বিজেপিশাসিত উত্তরপ্রদেশে এসআইআর কাজের চাপে এক সরকারি কর্মী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ সামনে এসেছে। পরিবারের দাবি, বিয়ের আগের আচার অনুষ্ঠানের জন্য ছুটি না মেলায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, আত্মঘাতী ওই কর্মীর নাম সুধীর কুমার। ২৮ বছর বয়স তাঁর। বাড়ি থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ভোটার তালিকার এসআইআর-এর জন্য প্রচুর কাজের চাপ ছিল। বিয়ের আগে আচার অনুষ্ঠানের জন্য ছুটি চেয়েও পাচ্ছিলেন না তিনি। ছুটি নেওয়ায় তাঁকে সাসপেন্ড করারও হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। আর সে কারণেই চরম সিদ্ধান্ত নিয়েছেন সুধীর।
সূত্রের খবর, উত্তরপ্রদেশের জাহানাবাদ বিধানসভা কেন্দ্রের এসআইআর সংক্রান্ত কাজে যুক্ত ছিলেন সুধীর। বুধবার সুধীরের বিয়ে হওয়ার কথা ছিল। অফিস থেকে বিয়ের জন্য ছুটি পেলেও তার আগের আচার অনুষ্ঠানের জন্য ছুটি পাননি তিনি। সোমবার তাঁর হলদি এবং মেহন্দির অনুষ্ঠানের কারণে ছুটি নিয়েছিলেন। অভিযোগ, পরের দিনই দুই সরকারি কর্মী সুধীরকে অপমান করেন বাড়ি গিয়ে। তাঁকে সাসপেন্ড করা হুমকি দেওয়া হয়। সেই অপমানে আত্মঘাতী হন তিনি। উল্লেখ্য, এসআইআর এর কাজের চাপে সম্প্রতি পশ্চিমবঙ্গেও তিন বিএলও-র মৃত্যু হয়েছে। কী ভাবে বিএলও দের মৃত্যু হল তার কারণ জানতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।
