ওঙ্কার ডেস্ক: বন্দে মাতরমকে জাতীয় গান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে মোদী সরকার। সরকারি অনুষ্ঠানে এবং বিশেষ ক্ষেত্রে এই গান গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার ৮০ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কংগ্রেসের সদর দফতরে এই গান গাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। কংগ্রেস নেত্রীর সেই আচরণের বিরুদ্ধে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার তিনি দাবি করেছেন, সনিয়াকে নিঃশর্ত ভাবে ক্ষমা চাইতে হবে।
রবিবার সাংবাদিদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘স্বাধীনতা দিবসে কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে বন্দে মাতরম গাওয়ার সময় কংগ্রেসের মালিক সনিয়া পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার ক্ষেত্রে কীভাবে বিরক্তি, আপত্তি এবং বিরোধিতা করেছেন, তা গোটা দেশ দেখেছে।কংগ্রেসের কোনও কোনও নেতা তাঁদের মালকিনকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করলেও বাস্তবে যে ভিডিও দেখা গিয়েছে, তাতে সত্যকে ধামাচাপা দেওয়ার কোনও সুযোগ কংগ্রেস নেতাদের কাছে নেই।’
তাঁর আরও সংযোজন, ‘স্বাধীনতা সংগ্রামীদের সঞ্জীবনী মন্ত্র ছিল বন্দে মাতরম। সাহিত্যসম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই অমূল্য সৃষ্টি গোটা দেশ গ্রহণ করেছে। এটি জাতীয়তাবাদের মন্ত্র। এটি সঞ্জীবনী মন্ত্র। এটি জাগরণের মন্ত্র। বন্দে মাতরমের অপমান মানে দেশপ্রেম, রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ এবং বঙ্কিমচন্দ্রের অপমান। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’