ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বড়সড় প্রতিরক্ষা চুক্তির পথে এগোচ্ছে ভারত। সেই চুক্তি চূড়ান্ত হলে ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারে যুক্ত হবে জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল। কাঁধে বহন করে ব্যবহার করা যায় এই ক্ষেপণাস্ত্র। শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আনেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তাঁর দাবি, এই চুক্তি ভারত-মার্কিন প্রতিরক্ষা সম্পর্ককে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির আওতায় দেশে এই ক্ষেপণাস্ত্র তৈরির সম্ভাবনাও রয়েছে।
সূত্রের খবর, জ্যাভলিন কেনার জন্য জরুরি ভিত্তিতে প্রস্তাব দিয়েছে ভারতীয় সেনা। এ নিয়ে একটি লেটার অব অ্যাকসেপ্টেন্স বা এলওএ-ও স্বাক্ষর হয়েছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে ১০ বছরের একটি চুক্তি হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে ওই চুক্তি স্বাক্ষরিত হয়। তার পরেই জ্যাভলিন নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।
জ্যাভলিন কেনার চেষ্টা ভারত করছে দীর্ঘদিন ধরে।২০১০ সাল থেকেই এই ক্ষেপণাস্ত্র নিয়ে নয়াদিল্লির আগ্রহ রয়েছে। তবে এতদিন প্রযুক্তি হস্তান্তর নিয়ে জটিলতা ছিল। দীর্ঘ আলোচনার পর সেই জটিলতা কাটার ইঙ্গিত মিলেছে। মার্কিন সহযোগিতায় ভারতে জ্যাভলিন তৈরির সম্ভাবনাও তৈরি হয়েছে। বাস্তবে চুক্তির শর্ত কী হবে, তা চূড়ান্ত পর্যায়ের আলোচনার পরই স্পষ্ট হবে। অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনার অ্যান্টি-ট্যাঙ্ক সক্ষমতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর মধ্যেই জ্যাভলিন কেনার প্রস্তাব সামনে আসে।