ওঙ্কার ডেস্কঃ বিয়ের আনন্দ বিষাদে পরিণত হল। মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের তিনজন সদস্য। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলার কোস্তা গ্রামের কাছে জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন ভাগবত বিশ্বকর্মা ও তাঁর ছোট ছেলে রাহুল। তাঁদের সঙ্গে পরিবারের আরও এক সদস্যেরও মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, শুক্রবার বাইকে করে বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়েছিলেন তারা। রাস্তায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
রাইপুর কারচুলিয়ান থানার ইনচার্জ বিজয় সিং জানান, উল্টো দিক থেকে আসা একটি বিলাসবহুল বাইকটিকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ধাক্কার তীব্রতায় তিনজনই বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। বাইকটি ভেঙেচুরে, দুমড়ে-মুচড়ে যায়।
সূত্রের খবর, ভাগবত বিশ্বকর্মা রেওয়া জেলার বাসিন্দা। আগামী ২৪ ফেব্রুয়ারি তাঁর বড় ছেলের বিয়ে। সেই উপলক্ষেই ভাগবত, তাঁর ছোট ছেলে রাহুল এবং পরিবারের আরও একজন সদস্য আত্মীয়দের বাড়িতে কার্ড দিতে বেরিয়েছিলেন। এক জায়গায় নেমন্তন্ন সেরে, আরেক আত্মীয়র বাড়ি যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অডি গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে এবং চালককে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।
