ওঙ্কার ডেস্ক: দেশের বিভিন্ন রাজ্যে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এই আবহে বহু মাওবাদী নেতা ও ক্যাডার অস্ত্র নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন। অতিবাম এই সশস্ত্র সংগঠন সব মিলিয়ে কোণঠাসা অবস্থায় রয়েছে বর্তমানে। এই পরিস্থিতিতে পাল্টা আঘাত হানল সংগঠনটি। বৃহস্পতিবার ছত্তিশগড়ের সুকমা জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হলেন এক মহিলা কনস্টেবল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ জঙ্গল দিয়ে ঘেরা পাহাড়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি) এবং ডিস্ট্রিক্ট ফোর্সের একটি যৌথ বাহিনী এলাকায় অভিযান চালানোর সময় বিস্ফোরণ ঘটে। কেরালাপাল থানা এলাকার গোগুন্ডা ক্যাম্প থেকে এই অভিযানে বের হয়েছিল বাহিনী। জানা গিয়েছে, জখম মহিলা পুলিশকর্মীর নাম মুচাকি দুর্গা। অভিযানের সময় ডিস্ট্রিক্ট ফোর্সের ওই কনস্টেবল অসাবধানতাবশত আইইডির সংস্পর্শে আসেন। তখনই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর ফলে তাঁর বাম পায়ে গুরুতর আঘাত হয়। প্রাথমিক চিকিৎসার পর, উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিমানে করে রায়পুরে নিয়ে যাওয়া হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তবে তাঁর আঘাত আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
উল্লেখ্য, সুকমা-সহ সাতটি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীকে বিপাকে ফেলার জন্য মাওবাদীরা প্রায়শই রাস্তার ধারে এবং জঙ্গলে আইইডি পুঁতে রাখে। চলতি বছরের ৯ জুন, সুকমা জেলায় একটি পাথর খনিতে নকশালদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে মৃত্যু হয় অতিরিক্ত পুলিশ সুপার (কোন্টা বিভাগ) আকাশ রাও গিরেপুঞ্জের। সেই সময় আহত হন দুই আধিকারিক। প্রসঙ্গত, আগামী ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে দেশকে নকশালমুক্ত করার সংকল্প নিয়েছে কেন্দ্রীয় সরকার।
