ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা রাজস্থানের জয়পুরে। বিলাসবহুল জীবনযাপন করতে ও মদের পার্টির খরচ জোগাতে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ এক মহিলা ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। তদন্তে নেমে ৪০ বছর বয়সী ওই বিবাহিত মহিলা ও তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। নিহত মহিলা অভিযুক্তের আত্মীয় বলে তদন্তে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মহিলার নাম কমলা দেবী। জয়পুরের সামভার এলাকার বাসিন্দা ছিলেন তিনি। গত ৩০ জুলাই তাঁকে নিজের বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। ওই মহিলার বাড়ি থেকে সোনা ও রুপোর গয়না এবং নগদ টাকাও হাতিয়ে নিয়েছে অভিযুক্তরা। ঘটনার পর তাঁর জামাই প্রকাশ নারায়ণ শর্মা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে খুন করে বাড়ি থেকে মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বিভিন্ন প্রযুক্তিগত প্রমাণ সংগ্রহ করে। তদন্ত চলাকালীন কমলার ভাইঝি ললিতার ওপর সন্দেহ করে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করেন তদন্তকারীরা। পুলিশি জেরায় জয়পুরের কুচামানের বাসিন্দা ললিতা নিজের অপরাধের কথা স্বীকার করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাঁর প্রেমিক, ২৬ বছর বয়সী বাবলু মিনাকেও গ্রেফতার করে। বাবলু শিকারের বাসিন্দা।
পুলিশের এক আধিকারিক জানান, অপরাধের আগে অভিযুক্ত দুজন ওই বাড়িটি রেকি করেছিল। জিজ্ঞাসাবাদে তারা জানায়, নিজেদের বিলাসবহুল জীবনযাপন ও মদের পার্টির খরচ মেটানোর জন্যই তারা এই অপরাধ করেছিল। তদন্তকারীরা দুই অভিযুক্তের কাছ থেকে ৪ লক্ষ টাকা মূল্যের সোনা ও রুপোর গয়না, নগদ অর্থ, একটি এটিএম কার্ড এবং একটি আধার কার্ড উদ্ধার করেছে। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল সোনার দুটি চুড়ি, সোনার কানের দুল, নাকছাবি, রুপোর নূপুর, রুপোর মুদ্রা, পায়ের আঙুলের আংটি।