ওঙ্কার ডেস্ক: যৌতুক না পেয়ে গৃহবধূকে বিষ প্রয়োগ করে খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শামলি জেলার আদর্শ মান্ডি থানা এলাকায়। ওই বধূর শ্বশুরবাড়ির লোকজন পরিকল্পনা করেই তাঁকে খুন করেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে নিহতের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি গোটা ঘটনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম কাজল, তাঁর ২৬ বছর বয়স। অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের দাবিতে প্রায় সময় তাঁর উপর চড়াও হত। চলত মানসিক ও শারীরিক অত্যাচার। টাকা ও গয়নার দাবি জানিয়ে এই অত্যাচারের ফলে বিধ্বস্ত হয়ে ওই বধূ বাপের বাড়িতে তাঁর বাবাকে জানিয়েছিলেন। কিন্তু তার পরেও অভিযুক্ত স্বামীর সঙ্গে থাকছিলেন কাজল। বুধবার সন্ধ্যায় তাঁকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার পুলিশের এক আধিকারিক জানান, ওই মহিলাকে আদর্শ মান্ডি থানা এলাকার কাসেরভা গ্রামে তাঁর বাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
সার্কেল অফিসার জিতেন্দ্র সিং যাদব জানিয়েছেন, মৃত গৃহবধূর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোতা ঘটনার তদন্ত চলছে। পুলিশ কাজলের স্বামী রবি, শ্বশুর রাজকুমার, শাশুড়ি রাজ্জো এবং আরও তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বুধবারই রবিকে গ্রেফতার করা হয়। কাজলের বাবা কালু রামের অভিযোগ, পাঁচ বছর আগে রবির সঙ্গে কাজলের বিয়ে হয়েছিল। যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে প্রায়ই হেনস্থা করত।