ওঙ্কার ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার লোকসভায় ১৩০ তম সংবিধান সংশোধন বিল পেশ করেছেন। এই বিল পেশের পর সংসদে তুমুল হট্টগোল শুরু হয়। বিরোধীরা তীব্র আপত্তি জানিয়ে সরব হয়। বিলের কপি ছিঁড়ে অমিত শাহকে লক্ষ্য করে ছোঁড়া হয়। এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওরা বলছে ৩০ দিন, আমি শাহকে বলছি, ৩০ নয়, ১৫ দিন সময় নিন। লোকসভায় আপনাদের আনা বিলকে তৃণমূলও সমর্থন করবে। কিন্তু নতুন বিলে এই নিয়ম রাখতে হবে যে যাকে অপরাধী সন্দেহে জেলে রাখা হবে তার অপরাধ প্রমাণ করতে না পারলে সংশ্লিষ্ট আধিকারিকদেরও দ্বিগুণ সময় জেলে থাকতে হবে।’ এই বিল নিয়ে শাহকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘তদন্তকারী সংস্থা যে নিরপেক্ষভাবে কাজ করবে, তার প্রমাণ কোথায়? খুব তো বলেন, ৫৬ ইঞ্চি ছাতির কথা। দম আছে ? থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে দেখান। আসলে ওরা গণতন্ত্রকে ভয় পাচ্ছে, তাই বিরোধীদের দমন করতেই এই বিল এনেছে।’
উল্লেখ্য বুধবার শাহ লোকসভায় যে বিল পেশ করেছেন, তাতে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মন্ত্রীদের অপসারণ করার কথা বলা হয়েছে। অভিযুক্ত মন্ত্রীরা যদি কোনও গুরুতর অপরাধের অভিযোগে গ্রেফতার হয়ে ধারাবাহিকভাবে ৩০ দিন হেফাজতে থাকেন, তাহলে এই নিয়ম তাঁদের উপর প্রযোজ্য হবে এবং পদ থেকে অপসারণ করা হবে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ লোকসভার সচিবালয়ে একটি চিঠি পাঠিয়ে এই বিল পেশের কথা জানান।
