ওঙ্কার ডেস্ক: পুনরায় নিয়োগের জন্য নিজের নাম প্রস্তাব না করার বিষয়টি ছিল এন চন্দ্রশেখরনের ‘নিজস্ব সিদ্ধান্ত’, বৃহস্পতিবার এমনটাই মন্তব্য নোয়েল টাটার।এর আগে টাটা সন্স জানিয়েছিল, তাদের বোর্ড ৬৩ বছর বয়সী চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে আরও পাঁচ বছরের মেয়াদে পুনরায় নিয়োগ করতে চায়। তাঁর পক্ষে ভোটাভুটিও হয়।
২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে রতন টাটার স্থলাভিষিক্ত হয়ে টাটা সন্সের নেতৃত্ব দিয়ে আসছেন এন চন্দ্রশেখরন। তাঁর এই দীর্ঘ সময় দায়িত্ব পালনের আবহে টাটা সন্সের বোর্ডের এই সিদ্ধান্তটি সামনে এল। চন্দ্রশেখরন, পরিচালকদের জানিয়েছিলেন, ২০২৭ সালের ২০ ফেব্রুয়ারি তাঁর বর্তমান মেয়াদ শেষ হলে তিনি আর পুনরায় নিয়োগের জন্য আগ্রহী নন। ১২ আগস্ট এন চন্দ্রশেখরনের সরে দাঁড়ানোর সিদ্ধান্তের প্রসঙ্গ উল্লেখ করে নোয়েল টাটা এক বিবৃতিতে বলেন, “সেটা ছিল তাঁর নিজস্ব সিদ্ধান্ত। তিনি স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তা স্পষ্টভাবে জানিয়েছিলেন। বোর্ড তাঁর কাছে এমন কোনো প্রস্তাব চায়নি, এটি বোর্ডের কোনও প্রস্তাবের বিষয়বস্তু ছিল না এবং কোনো পর্যালোচনা প্রক্রিয়ার ফলও ছিল না।’
নোয়েল টাটা ‘টাটা ট্রাস্টস’-এর চেয়ারম্যান; এটি দাতব্য প্রতিষ্ঠানের সমষ্টি। এই সংস্থার হাতে রয়েছে টাটা সন্সের ৬৬ শতাংশ মালিকানা। যদিও এই বিশাল শিল্পগোষ্ঠীর দৈনন্দিন পরিচালনায় টাটা ট্রাস্টস কোনো ভূমিকা পালন করে না, তবে মূল কোম্পানিতে তাদের মালিকানা বা শেয়ারের কারণে গ্রুপের নীতি নির্ধারণে তাদের প্রভাব রয়েছে।