অর্পিতা মুখার্জী, কলকাতা: মোথাবাড়ি কাণ্ডের তদন্তে আবারও ডাকা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে। জাতীয় তদন্তকারী সংস্থা আগামী সপ্তাহে তাঁকে হাজির হতে বলেছে। একই দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সুজাপুরের বিধায়ক সাবিনার স্বামী মহম্মদ মেহবুব আলমকেও।
গত ১ এপ্রিলের ঘটনা দিয়ে শুরু এই মামলার। বিধানসভা ভোটের আগে মালদহের কালিয়াচক-২ ব্লক অফিসে এসআইআরের কাজে আসা সাত জন জুডিশিয়াল অফিসারকে ঘেরাও করে রাখা হয় বলে অভিযোগ। তাঁদের গাড়িতেও হামলা চালানো হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, শেষ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী গিয়ে ওই আধিকারিকদের উদ্ধার করে। ঘটনা নিয়ে তখন রাজ্যজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পরে এই মামলার তদন্তের দায়িত্ব পায় এনআইএ।
তদন্ত শুরু হওয়ার পর থেকে সুজাপুর ও মোথাবাড়ি এলাকায় একাধিকবার অভিযান চালিয়েছে এনআইএ। বেশ কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে জড়িতদের চিহ্নিত করার কাজ করছেন তদন্তকারীরা।
এই তদন্তেই আগেও ডাকা হয়েছিল সাবিনাকে। তাঁর স্বামী মেহবুবকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এ বার দু’জনকেই ফের ডেকে পাঠাল এনআইএ।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর সাবিনাকে ডেকেছিল এনআইএ। সেদিন সকাল ১১টার মধ্যে মালদহের কালিয়াচক থানায় হাজির হতে বলা হয়েছিল তাঁকে। তদন্তকারীরাও সেখানে প্রস্তুত ছিলেন। কিন্তু স্বামীর শারীরিক অসুস্থতার কারণে তিনি সেদিন সেখানে যেতে পারেননি। সে সময় কলকাতার এক নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন মেহবুব। তাই সেদিন দুপুরে কালিয়াচকের বদলে কলকাতায় এনআইএ অফিসে গিয়ে হাজির হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী।