ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রে খালিস্তানি নেতা হত্যার চক্রান্ত মামলায় অভিযুক্ত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তর দোষ স্বীকার নিয়ে মুখ খুলল তাঁর পরিবার। সম্প্রতি আমেরিকার আদালতে দোষ স্বীকার করার পরই নতুন করে চর্চায় উঠে এসেছে এই মামলা। পরিবারের দাবি, দীর্ঘ আইনি লড়াই এবং মানসিক চাপে ক্লান্ত হয়ে পড়েছিলেন নিখিল, সেই কারণেই তিনি দোষ স্বীকারের পথ বেছে নিয়েছেন।
পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, নিখিল গুপ্ত কারও বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার বা ‘অ্যাপ্রুভার’ হওয়ার পথ নেননি। বরং সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা করেছেন। পরিবারের বক্তব্য, বহু মাস ধরে চলা আইনি টানাপোড়েন, বিদেশের মাটিতে আটক অবস্থা এবং অনিশ্চিত ভবিষ্যৎ, পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছিল। তাঁর স্ত্রী ও বৃদ্ধা মা এই সিদ্ধান্তে ভেঙে পড়েছেন বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, মার্কিন মুলুকে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতওয়ন্ত সিং পান্নুন-কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হন নিখিল গুপ্ত। অভিযোগ, পান্নুনকে খুন করার জন্য ভাড়াটে খুনি নিয়োগের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু যাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, তিনি আসলে মার্কিন আইনপ্রয়োগকারী সংস্থার এক গুপ্তচর ছিলেন। সেই সূত্রেই ফাঁস হয়ে যায় গোটা পরিকল্পনা।
আদালতে দোষ স্বীকার করার পর বিচারক তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। তবে সাজা ঘোষণার দিন এখনও নির্ধারিত হয়নি। মার্কিন আইনে এই ধরনের অপরাধে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গিয়েছে।
