ওঙ্কার ডেস্ক: নীতীশ কুমার বিরোধী জোট ছেড়ে এনডিএ-তে যোগ দেওয়ায় ‘ইন্ডিয়া’ জোট কতটা দুর্বল হয়েছে? এই প্রশ্নেই কংগ্রেসের অন্দরের মতপার্থক্য তৈরি হয়েছে। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’ জোটের শরিক দলগুলি। তার আগের দিনই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে নীতীশ-প্রশ্নে ভিন্ন অবস্থান নেন সনিয়া গান্ধী ও দলের প্রবীণ নেতা দিগ্বিজয় সিংহ।
কংগ্রেস সূত্রের দাবি, বৈঠকে দিগ্বিজয় সিংহ বলেন, নীতীশ কুমারকে বিরোধী জোট ছাড়তে দেওয়া ঠিক হয়নি। তাঁর বক্তব্য ছিল, নীতীশ জোটে থাকলে রাজনৈতিক পরিস্থিতি আলাদা হতে পারত। কংগ্রেসের একাংশ দিগ্বিজয়ের বক্তব্যকে দলের ভিতরের একটি অংশের মত বলে মনে করছে। ওই অংশের মতে, জেডিইউ ‘ইন্ডিয়া’ জোটে থাকলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেরা সম্ভব হত না।
তবে নীতীশকে নিয়ে দিগ্বিজয়ের অবস্থানের সঙ্গে একমত হননি সনিয়া গান্ধী। কংগ্রেস সূত্রের খবর, তিনি বৈঠকে বলেন, নীতীশ সঠিক সময়েই বিরোধী জোট ছেড়েছেন। সনিয়ার দাবি, নীতীশ বরাবরই বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-তে ফিরতে চেয়েছিলেন। বিরোধী জোট ছাড়ার জন্য তিনি একাধিক পথ খুঁজছিলেন বলেও মন্তব্য করেন সনিয়া। নীতীশ বিজেপির নির্দেশেই পরিচালিত হচ্ছিলেন বলেও দাবি করেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী।
উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নীতীশ। সেই সময় তিনি বিহারের মহাগঠবন্ধনের শরিক ছিলেন। জেডিইউ, আরজেডি এবং কংগ্রেস মিলে তৈরি হয়েছিল সেই জোট। তবে ২০২৪ সালের জানুয়ারিতে মহাগঠবন্ধন ছেড়ে ফের এনডিএ-তে যোগ দেন নীতীশ। বিজেপির সমর্থনে নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।