ওঙ্কার ডেস্ক : উৎসবের মরশুমের আগে রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী এবং পার্শ্বশিক্ষকদের জন্য বড় ঘোষণা। একাধিক পদে মাসিক বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। স্কুল শিক্ষা দফতরের প্ল্যানিং অ্যান্ড বাজেট শাখা থেকে এ বিষয়ে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভা এবং রাজ্যপালের অনুমোদনের পরই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বৃহস্পতিবার, ১ অক্টোবর থেকে নতুন বেতন কার্যকর হবে।
নির্দেশিকা অনুযায়ী, অধিকাংশ পদেই মাসে ৫,০০০ থেকে ৬,০০০ টাকা পর্যন্ত বেতন বাড়ছে। প্রাথমিক স্তরের প্যারা টিচার এবং এসএসকে-র সহায়কদের বেতন ১১,৯৪১ টাকা থেকে বেড়ে ১৬,৯৪১ টাকা হয়েছে। অর্থাৎ মাসে ৫,০০০ টাকা বৃদ্ধি। উচ্চ প্রাথমিকের প্যারা টিচার এবং এমএসকে-র শিক্ষকদের ক্ষেত্রেও ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। তাঁদের বেতন ১৫,৫২৩ টাকা থেকে বেড়ে ২০,৫২৩ টাকা হচ্ছে। শিক্ষাবন্ধুদের নতুন মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ১৪,৯৫৪ টাকা। স্পেশাল এডুকেটরদের বেতন বেড়ে হচ্ছে ১৯,৯২৪ টাকা।
পার্ট-টাইম উচ্চমাধ্যমিক শিক্ষকদের বেতনও ৫,০০০ টাকা বাড়ছে। তাঁদের নতুন বেতন ২০,২১৮ টাকা।
অ্যাকাডেমিক সুপারভাইজারদের বেতন বেড়ে দাঁড়াচ্ছে ১৮,৭৮১ টাকা। পিএ-কাম-ডিইও পদে নতুন বেতন হবে ১৯,৭৭৪ টাকা। এই দুই ক্ষেত্রেও বৃদ্ধি ৫,০০০ টাকা।
মুখ্য শিক্ষক এবং ডিস্ট্রিক্ট কোয়ালিটি ম্যানেজারদের ক্ষেত্রে বেতন আরও ৬,০০০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন বেতন যথাক্রমে ২২,১৭৮ টাকা এবং ২৫,৬৯২ টাকা। ম্যানেজমেন্ট স্টাফদের জন্য বেতন বৃদ্ধির ক্ষেত্রে তিনটি স্তর রাখা হয়েছে। বর্তমান বেতন ২৫ হাজার টাকার কম হলে ৫,০০০ টাকা বাড়বে। ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকার মধ্যে বেতন হলে বৃদ্ধি হবে ৭,০০০ টাকা। আর ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকার মধ্যে বেতন পাওয়া কর্মীদের মাসে ১০,০০০ টাকা বাড়বে।