নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর: সাইবার ক্রাইমের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল দুর্গাপুর সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, ধৃতের নাম সাহেব মণ্ডল, বাড়ি পুরুলিয়ার নিতুড়িয়া এলাকায়।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সিটি সেন্টারের ১২ নম্বর রানি রাসমণি সরণি এলাকায় হানা দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তল্লাশিতে তাঁর কাছ থেকে একটি ল্যাপটপ, ৭ থেকে ৮টি মোবাইল ফোন এবং বিভিন্ন ব্যাঙ্কের একাধিক পাসবই উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া ল্যাপটপ ও মোবাইলগুলিতে সাইবার প্রতারণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। কীভাবে এক ব্যক্তির কাছে এতগুলি ব্যাঙ্কের পাসবই এল, তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। এই চক্রে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
ইতিমধ্যেই ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ। উদ্ধার হওয়া ডিভাইসগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গেছে। সোমবার ধৃত সাহেব মণ্ডলকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।