ওঙ্কার ডেস্ক: অপারেশন সিঁদুর অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতের সেনাবাহিনী। কী ভাবে এই অভিযানে সাফল্য মিলেছিল তা জানালেন ভারতের স্থলসেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আইআইটি মাদ্রাজের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তিনি।
স্থলসেনা প্রধান বলেন, অপারেশন সিঁদুর অভিযানে পুরো শক্তি প্রয়োগ না করে শত্রপক্ষকে ঘায়েল করতে একটা রণকৌশল ঠিক করা হয়েছিল। যা দাবা খেলার চেয়ে কম নয়। যেখানে উল্টো দিকে থাকা খেলোয়াড় সম্ভাব্য কী পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে কোনও ধারণা থাকে না। এত ঝুঁকির মধ্যেও শত্রুপক্ষকে পরাস্ত করে দেওয়া হয়েছে। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে সংঘাতে মাইন্ড গেম বড় ভূমিকা নিয়েছিল। তিনি বলেন, পাকিস্তান ভেবেই নিয়েছিল তারা জয়ী হয়েছে। আর এই ভাবনা তাদের মনের মধ্যে ঢুকে গিয়েছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি।
জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও জানান, অপারেশন সিঁদুর অভিযানে সেনার তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। তিনি বলেন, পহেলগাঁও হামলার পরের দিন অর্থাৎ ২৩ এপ্রিল তিন সেনাপ্রধানের সঙ্গে রাজনৈতিক নেতৃত্ব বৈঠক করে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং স্পষ্ট জানান, আর সহ্য করা নয়, অনেক হয়েছে। আর সেটাই সেনার মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছিল। উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা চালিয়ে ২৬ জনকে গুলি করে খুন করে। নারকীয় সেই হামলার পিছনে পাকিস্তানের হাত ছিল বলে অভিযোগ করেছিল ভারত। আর তার জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতের সেনা বাহিনী। চার দিন ধরে চলে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত।
