ওঙ্কার ডেস্ক: ভারী বৃষ্টির জেরে বিপর্যয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে। ভারী বর্ষণের ফলে সৃষ্টি হওয়া হড়পা বানের জেরে ধস আর তার ফলে মৃত্যু হল অন্তত ৩২ জনের। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারী বৃষ্টি এবং হড়পা বানের জেরে শুধু খাইবার পাখতুনখোয়া প্রদেশে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। পাশাপাশি পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট-বালটিস্তান এবং মুজফফরাবাদেও ১৬ জনের মৃত্যু হয়েছে। গিলগিট-বালটিস্তানের ঘিজার জেলায় ক্ষতি হয়েছে উল্লেখযোগ্য ভাবে। হড়পা বানে পাকিস্তানের এই জেলায় শুধু মৃত্যু হয়েছে আট জনের। বিপর্যয়ের পর এখনও নিখোঁজ রয়েছেন দু’জন। বেশ কিছু ঘরবাড়ি, স্কুল, গাড়ি এবং হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। হড়পা বানের ফলে ধস নামায় বন্ধ হয়ে গিয়েছে কারাকোরাম হাইওয়ে, এবং বালটিস্তান হাইওয়ে। পাক অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদের এক গ্রামে ধস নেমে একই পরিবারের ছ’জন চাপা পড়েছেন বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সীমান্তের এপারেও ভারতের জম্মুকাশ্মীরেও মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানের ফলে প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছে। জম্মুকাশ্মীরের কিশতওয়ারের চিশোতা গ্রামে এই বিপর্যয়ের ফলে নিখোঁজ এখনও ১০০ জনের বেশি। বিপর্যয়ের পর উদ্ধারকাজে সামিল হয়েছে ভারতের সেনা, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় প্রশাসন। এখনও পর্যন্ত ১৬০ জনকে উদ্ধার করা হয়েছে।
