ওঙ্কার ডেস্ক: পরমাণু ক্ষমতার আস্ফালন ইসলামাবাদের! দেশের উপর কোনও সামরিক হামলা হলে ভয়াবহ ভাবে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের ন্যাশনাল স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল সৈয়দ আমের রাজা। রবিবার পাকিস্তান মিলিটারি অ্যাকাডেমির (পিএমএ) পাসিং-আউট প্যারেডে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি।
জেনারেল রাজা জানান, ইসলামাবাদ সংঘাত চায় না। তবে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে কোনও আগ্রাসী পদক্ষেপ বরদাস্ত করা হবে না বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। সদ্য প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল রাজা বলেন, পাকিস্তানের সীমান্তের বাইরে থেকে যারা আগ্রাসী মনোভাব দেখাবে, তাদের বিষয়ে দেশের অবস্থান স্পষ্ট ও অনড়। তাঁর বক্তব্য, পরমাণু অস্ত্রের উপস্থিতিতে যুদ্ধ বা সংঘাতের কোনও অবকাশ নেই। এই পরিস্থিতিতে প্রতিপক্ষ কোনও ভুল করলে তার জবাব প্রত্যাশার সীমা ছাড়িয়ে যাবে। পাকিস্তানের কৌশলগত বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, দেশের প্রতিটি ইঞ্চি রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত।
আঞ্চলিক নিরাপত্তার প্রসঙ্গেও কড়া অবস্থান জানান পাকিস্তানের এই সামরিক কর্তা। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলে সতর্ক করেন তিনি। কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের দীর্ঘদিনের অবস্থানও পুনর্ব্যক্ত করেন জেনারেল রাজা। তাঁর বক্তব্য, কাশ্মীর এখনও একটি অমীমাংসিত আন্তর্জাতিক বিরোধ। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের কাঠামো মেনেই এই সমস্যার সমাধান হওয়া উচিত। নিরাপত্তা সংক্রান্ত কড়া বার্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরেন জেনারেল রাজা। তাঁর দাবি, বিভিন্ন আঞ্চলিক উত্তেজনা প্রশমনে পাকিস্তান মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক টানাপড়েনের মধ্যেও দেশটি ইতিবাচক ভূমিকা পালন করেছে বলে উল্লেখ করেন তিনি।