ওঙ্কার ডেস্ক: পান মশলার প্যাকেট নিয়ে বড় ঘোষণা মোদী সরকারের। এখন থেকে প্লাস্টিকের প্যাকেটে আর পান মশলা ব ইক্রি করা যাবে না বলে জানানো হয়েছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বা এফএসএসএআইয়ের তরফে। কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা ও নিয়ামক সংস্থা জানিয়েছে, পান মশলার প্যাকেট হতে হবে কাগজ, পেপারবোর্ড বা সেলুলোজ দিয়ে তৈরি।
শুধু প্লাস্টিক নয়, পানমশলার প্যাকেটে ব্যবহার করা যাবে না পলিয়েস্টার, পলিপ্রপিলিন, পলিথাইলিন, পলিভিনাইল ক্লোরাইডের মতো উপাদান। অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহারও করা যাবে না। তবে জানানো হয়েছে, টিন কিংবা কাচের কৌটোয় পান মশলা বিক্রি করলে তাতে কোনও বিধি নিষেধ থাকবে না। প্যাকেজিংয়ের বাইরের অংশ কাগজ দিয়ে তৈরি হলেও ভেতরে প্লাস্টিক বা ধাতব আস্তরণ থাকাও চলবে না।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল এফএসএসএআই সংশোধনীর প্রথম খসড়া প্রকাশ করেছিল। কেন্দ্রীয় সংস্থা পরবর্তী ৬০ দিনের জন্য মানুষের প্রতিক্রিয়া চেয়েছিল। নাগরিকদের পরামর্শ গ্রহণের পর সংশোধন করে চূড়ান্ত সংশোধনী প্রকাশ করা হল। তবে এটি পণ্য হিসেবে পান মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা নয়। বরং পানমশলার প্যাকেজিং-সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সংস্থার সুস্পষ্ট নির্দেশিকা। পান মশলার প্যাকেট তৈরির জন্য যেসব উপাদান ব্যবহার করা যাবে, সেটাই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই নির্দেশিকায়।