ওঙ্কার ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। সিবিআই ও তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। সেই মামলা এখনও বিচারাধীন। শুক্রবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই মামলার রায় ঘোষণা করবে কলকাতা হাইকোর্ট। সিবিআই এর এই মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে জেল থেকে মুক্তি পেতে কার্যত তাঁর আর বাধা রইবে না।
সূত্রের খবর, কলকাতা হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সংক্রান্ত মামলার রায় ঘোষণা করবেন। শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি গ্রেফতার করেছিল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। সুপ্রিম কোর্ট থেকে পার্থ জামিন পেয়েছেন ইতিমধ্যে ইডির মামলায়। তবে তাঁর জেলমুক্তি ঘটেনি। বেশ কিছু মামলায় নিম্ন আদালতও তাঁকে জামিন দিয়েছে। তবে সিবিআইয়ের মামলায় শুক্রবার আদালত যদি জামিন দেয়, তাহলে তাঁর জেল থেকে বেরোনোর সম্ভাবনা তৈরি হবে। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে গত ১৫ সেপ্টেম্বর পার্থের জামিনের মামলার শুনানি শেষ হয়। তবে রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালে স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে প্রথম গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁকে সিবিআই ও গ্রেফতার করে। ইডির মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে। সিবিআইয়ের একটি মামলা থেকেও জামিন মিলেছে। তবে প্রাথমিকের মামলায় এখনও জামিন মেলেনি।
