নিজস্ব প্রতিনিধি, নদিয়া: স্কুলের ব্যাগ, কিন্তু ভিতরে বই-খাতা নেই, রয়েছে ফেনসিডিল! সূত্রের খবর, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত কিশোরকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টা নাগাদ মাজদিয়ার টুঙ্গি রেলগেট পেরিয়ে বানপুরের দিকে হেঁটে যাচ্ছিল ওই কিশোর। ওই সময় অনেক পড়ুয়াই প্রাইভেট পড়ে বাড়ি ফেরে। পুলিশের টহলদারি ভ্যানে থাকা কর্মীদের নজরে আসে কিশোরটি। তার পিঠে একটি স্কুলব্যাগ, হাতে আরও একটি ব্যাগ। পড়তে যাওয়া ছাত্রের দুটি ব্যাগ কেন, তা দেখেই সন্দেহ হয় পুলিশের।
গাড়ি এগিয়ে নিয়ে গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশকে দেখে হতভম্ব হয়ে যায় কিশোর, কোথায় যাচ্ছে তার সদুত্তর দিতে পারেনি। এরপরই পুলিশ তার ব্যাগ দুটি খুলতে বলে। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। একটি ব্যাগে ৬৫ বোতল এবং অন্য ব্যাগে ৬২ বোতল, মোট ১২৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।
পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই কিশোর আদৌ পড়াশোনা করে না। তার বয়স ১৭ বছর। পুলিশের অনুমান, পুলিশের নজর এড়াতে কৌশল বদলেছে পাচারকারীরা। স্কুলছাত্রের ছদ্মবেশে নাবালকদের দিয়ে পাচারের নতুন ফাঁদ তৈরি করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ধৃত কিশোরকে কৃষ্ণগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ ফেনসিডিল এল এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তাকে আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।