ওঙ্কার ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতা দিতে উঠে পেজার হাতে তুলে নিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের পক্ষে সওয়াল করতে গিয়ে তিনি স্মরণ করলেন ২০২৪ সালের সেপ্টেম্বরের অভিযান। তবে তাঁর বক্তব্যকে ঘিরে সমর্থনের বদলে দেখা গেল প্রতিবাদ।নেতানিয়াহুর ভাষণের সময় রাষ্ট্রপুঞ্জের সভাকক্ষের অধিকাংশ আসনই ছিল ফাঁকা। ইজরায়েলকে ঘিরে আন্তর্জাতিক স্তরে বিরোধিতা বাড়ছে, তার মাঝেই এই পরিস্থিতি তৈরি হল।
ভাষণের এক পর্যায়ে হাতে একটি পেজার তুলে ধরেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লা যোদ্ধাদের বিরুদ্ধে ইজরায়েলের অভিযানের প্রসঙ্গও তোলেন তিনি।
নেতানিয়াহুর দাবি, গত তিন বছরে ইজরায়েলি সেনা সাতটি ফ্রন্টে যুদ্ধ করেছে। নিজের দেশের আয়তন বোঝাতে নিউ জার্সির সঙ্গে তুলনাও করেন তিনি। নেতানিয়াহু প্রশ্ন তোলেন, নিউ জার্সির মতো আয়তনের আর কোনও দেশ কি টানা তিন বছর সাতটি ফ্রন্টে লড়াই চালাতে পারে? এর পরেই বক্তৃতার মাঝে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। ইরানের নেতৃত্ব থেকে শুরু করে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি—একাধিক ব্যক্তিকে নিশানা করেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। একই সঙ্গে ব্রিটেন, ফ্রান্স এবং তুরস্কের মতো দেশগুলির বিরুদ্ধেও আক্রমণাত্মক বক্তব্য রাখেন নেতানিয়াহু।
নেতানিয়াহুর দাবি, তাঁর দেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়ার জন্য একাধিক পক্ষ একজোট হয়েছিল। তাঁর বক্তব্য, ইজরায়েল ভেঙে পড়েনি। বরং আমেরিকার সহযোগিতায় সংশ্লিষ্ট পক্ষগুলিকে বড় ধাক্কা দিয়েছে তারা। ইরানের সেনাবাহিনী এবং পরমাণু ঘাঁটিগুলিকে ধ্বংস করার দাবিও করেন নেতানিয়াহু। তাঁর ভাষণে ইজরায়েলের সামরিক শক্তির কথাই বারবার উঠে আসে।