SIR বিতর্কে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরগরম জাতীয় রাজনীতি। বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল ককরোচ জনতা পার্টি (CJP)। শনিবারের মধ্যে পদত্যাগ না হলে ২ অক্টোবর, অর্থাৎ গান্ধীজয়ন্তী থেকে মুম্বই থেকে আন্দোলন শুরু হবে বলে আজ, শুক্রবার জানিয়ে দিলেন CJP নেতা অভিজিৎ দীপকে। অন্যদিকে এই পরিস্থিতির মধ্যেই জ্ঞানেশ কুমারের দুটি কর্মসূচি স্থগিত করেছে কমিশন।
সমাজমাধ্যমে দীপকে জানিয়েছেন, “কালকের (শনিবার) মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে CJP ২ অক্টোবর মুম্বই থেকে আন্দোলন শুরু করবে। তারপর দেশের প্রতিটি শহরে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। এই গান্ধীজয়ন্তীতে গণতন্ত্র রক্ষার শপথ নিন।”
সম্প্রতি প্রকাশ্যে আসা ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর বিস্ফোরক রিপোর্টের পর থেকেই প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। রিপোর্টে দাবি, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক জোশী অভিযোগ করেছেন, তাঁদের অন্ধকারে রেখে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন জ্ঞানেশ কুমার। বিশেষ করে ভোটার তালিকার স্বচ্ছতা, SIR-এর পর নাম বাদ দেওয়া ও যুক্ত করা নিয়ে গত ১০ মাসে ১৪ বার লিখিত আপত্তি জানিয়েছেন তাঁরা। আর এই রিপোর্ট সামনে আসতেই বিরোধীরা CEC-র বিরুদ্ধে ‘বিজেপির হয়ে ভোটচুরি’র অভিযোগে সরব হয়েছে।
অন্যদিকে এই বিতর্কের আবহেই উত্তরপ্রদেশে জ্ঞানেশ কুমারের দুটি কর্মসূচি স্থগিত করেছে কমিশন। শুক্রবার অর্থাৎ আজ, মেরঠে নবীন ভোটারদের সঙ্গে এবং সোমবার বারাণসীতে Gen-Z-দের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা ছিল। কিন্তু তা বর্তমানে বাতিল করা হয়েছে। যদিও বিতর্ক পরিস্থিতির সঙ্গে অনুষ্ঠান বাতিলের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করা হয়েছে কমিশনের তরফে।