ওঙ্কার ডেস্ক: পরিযায়ী শ্রমিকের মৃত্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগপ্রকাশ করে হাই কোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের। সোমবার প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে, মামলাগুলি দাখিল করার অনুমতি দেন তিনি। সূত্রের খবর, মঙ্গলবার এই মামলাগুলির শুনানির সম্ভাবনা রয়েছে।
হাইকোর্ট সূত্রে খবর, বেলডাঙায় স্থানীয় প্রশাসনের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হচ্ছে না। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট গুরুতর। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা।
গত বছর মুর্শিদাবাদের সামশেরগঞ্জ একের পর এক অশান্তির জেরে উত্তপ্ত হয়েছিল। তখন কলকাতা হাই কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল, অবিলম্বে সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। সেই উদাহরণ তুলে ধরে সোমবার বেলডাঙার ক্ষেত্রেও ফের কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন জানানো হয়েছে জনস্বার্থ মামলায়।
মঙ্গলবারই মামলাটি তালিকাভুক্ত করা হয়েছে। ভিনরাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের খুনের প্রতিবাদে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বেলডাঙা। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ।
তবে বেলডাঙার ঘটনায় বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি সামলাতে পুলিশ নামলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পুলিশি তৎপরতা বাড়লেও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
