ওঙ্কার ডেস্ক: পশ্চিম এশিয়ার ক্রমপরিবর্তনশীল পরিস্থিতি এবং ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার তাঁর সভাপতিত্বে সংসদের ভেতরে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটির (সিসিএস) এই উচ্চ পর্যায়ের বৈঠক চলছে। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর ডাকা এই বৈঠকে দেশের শীর্ষ পর্যায়ের মন্ত্রীরা যেমন রয়েছেন, তেমন উপস্থিত রয়েছেন নিরাপত্তা কর্তারাও।
সূত্রের খবর, বৈঠকে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, কিরেন রিজিজু ও জেপি নাড্ডা। এছাড়াও উপস্থিত রয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও রয়েছেন বৈঠকে। এ ছাড়া অন্যান্য ঊর্ধ্বতন সরকারি ও নিরাপত্তা কর্তারাও অংশ নিয়েছেন।
সূত্রের দাবি, পশ্চিম এশিয়ার দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য, এলপিজি ও অন্যান্য জ্বালানি সামগ্রী আমদানির ওপর এর প্রভাব এদিনের বৈঠকে আলোচনার মূল বিষয়। এই নিরাপত্তা বৈঠকে দেশের জ্বালানি সংক্রান্ত প্রস্তুতি এবং ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়লে কী ভাবে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে, তা নিয়েও পর্যালোচনা করা হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বৈঠক থেকে সহজেই অনুমেয় পশ্চিম এশিয়ার ঘটনাপ্রবাহকে নয়াদিল্লি গুরুত্বের সঙ্গে দেখছে। কারণ ভারতের অপরিশোধিত তেল ও এলএনজি আমদানির একটি বড় অংশ এই অঞ্চল থেকেই আসে। সংসদের বাদল অধিবেশন চলাকালীন অনুষ্ঠিত এই বৈঠক থেকে কী নির্যাস বেরিয়ে আসে আপাতত সেদিকেই তাকিয়ে ওয়াকিবহাল মহল।