ওঙ্কার ডেস্কঃ গত ২১ জুলাই অর্থাৎ শহিদ দিবসকে ঘিরে নজিরবিহীন দড়ি টানাটানির সাক্ষী থেকেছে বাংলার মানুষ। কে কোথায় সভা করবে, তা নিয়ে জলঘোলা কম হয়নি। এবার আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আর তা পালন করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল।
গত বছর পর্যন্ত মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে পালাবদলের পর বদলে গিয়েছে পরিস্থিতি। এবারও মেয়ো রোডেই ‘কালীঘাট’ তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঋতব্রত শিবির প্রথমেই বিকল্প হিসাবে দু’তিনটি জায়গার কথা বলে কলকাতা পুলিশের কাছে অনুমতি চেয়েছে বলে খবর।
জানা গিয়েছে, প্রস্তুতিতে ইতিমধ্যে নানা জেলা থেকে সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক হয়েছে তাঁদের। এমনকী জেলা নেতৃত্ব কলকাতায় এসে বৈঠকও করে যাচ্ছেন বলে খবর। তবে সভায় লোক আনতে বিশেষ নজর উত্তরবঙ্গের দিকে। আর তাই উত্তরবঙ্গের নেতৃত্বের সঙ্গেও আলাদা করে আলোচনা ঋতব্রত শিবির চালাচ্ছে বলে খবর।