ওঙ্কার ডেস্কঃ পশ্চিমবঙ্গ পুলিশকে সেরা বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে খামতি ও সীমাবদ্ধতা চিহ্নিত করার প্রক্রিয়ায় জোর দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ব্যারাকপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ঐতিহ্যবাহী ‘বড়াখানা’য় যোগ দিয়ে পুলিশকর্মীদের সঙ্গে খাওয়াদাওয়া করেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, এই অনুষ্ঠানে গিয়ে শুধু ঊর্ধ্বতন পুলিশকর্তাদের প্রশাসনিক নির্দেশ দেওয়াই নয়, নিচুতলার কর্মীদের অভাব-অভিযোগ ও মনের যন্ত্রণা সরাসরি শোনার প্রতিশ্রুতিও দেন পুলিশমন্ত্রী। রাজ্যের বর্তমান বিপুল আর্থিক দেনা এবং পুলিশ বাহিনীর পরিকাঠামোগত ত্রুটির কথা সরাসরি স্বীকার করে নেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ইচ্ছার সঙ্গে সাধ্যের মেলবন্ধন ঘটিয়েই এগোতে হবে।
মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের পুলিশের কাছে যে মানবসম্পদ রয়েছে, তার সঠিক ব্যবহার করতে পারলে আমরা যে কোনও রাজ্যের পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির চেয়েও ভাল পারফর্ম করতে পারি। পুলিশের শীর্ষ আধিকারিক—ডিজি, এডিজি বা আইজিদের সঙ্গেই কেবল বৈঠক হবে না, নিচুতলার পুলিশকর্মীদের মনের দুঃখ-যন্ত্রণা ও অভাব-অভিযোগও আমি নিজে শুনব এবং তা সমাধানের চেষ্টা করব।”
প্রত্যন্ত এলাকায় কর্মরত পুলিশকর্মীদের আবাসন সমস্যা, পরিশ্রুত পানীয় জলের অভাব এবং যানবাহনসহ লজিস্টিক সমর্থনের ঘাটতির কথা রাজ্য সরকার ওয়াকিবহাল বলে জানান মুখ্যমন্ত্রী।