গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬-তম জন্মদিন উপলক্ষ্যে বিরাট তোড়জোড় সুন্দরবনে। প্রত্যন্ত পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্যনগরে অভিনব অনুষ্ঠানের আয়োজন করল স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রাকৃতিক দুর্যোগকে কার্যত উপেক্ষা করেই দিনভর চলল নানা কর্মসূচি। যেখানে অংশ নিলেন এলাকার বহু সাধারণ মানুষ ও দলের নেতা কর্মীরা।
জানা যাচ্ছে, এদিন ঝড়-বৃষ্টি উপেক্ষা করে কে-প্লটের ঘাট থেকে লক্ষ্মীপুর ঘাট পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার পথ র্যালি করে অন্নপূর্ণা দিবস পালন করা হয়। যেখানে অংশ নেন এলাকার বহু মহিলা। বিভিন্ন এলাকা ঘুরে মিছিলটি শেষ হয় বিশালাক্ষী মন্দিরের সামনে। সেখানে প্রায় এক হাজারেরও বেশি প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং অন্নপূর্ণা দিবস পালন করা হয়।
অন্যদিকে, আজই লক্ষ্মীপুর ঘাটে বিজেপির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন দলীয় নেতৃত্ব ও কর্মীরা। আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় ৭৬টি প্রদীপ প্রজ্জ্বলন। এরপর সেই ৭৬টি প্রদীপ কলার ভেলায় সাজিয়ে নদীতে ভাসিয়ে দেওয়া। নদীর বুকে একসঙ্গে জ্বলতে থাকা প্রদীপের দৃশ্য নজর কাড়ে স্থানীয় বাসিন্দা ও অনুষ্ঠানে উপস্থিত মানুষের।