নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬-তম জন্মদিন। সেই উপলক্ষে জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে শুরু হল একাধিক কর্মসূচি। বৃহস্পতিবার রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাহাড়পুর মোড় সংলগ্ন এলাকায় ঘুরে মিষ্টি বিতরণ করেন। পথচলতি মানুষ, ব্যবসায়ী, টোটো ও ছোট গাড়ির চালক-সহ সাধারণ মানুষের হাতে লাড্ডু তুলে দেন তিনি।
দলীয় সূত্রে খবর, এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কার্যক্রম এবং গত ২৫ বছরের বিভিন্ন কর্মকাণ্ডের কথাও সাধারণ মানুষের সামনে তুলে ধরেন বিধায়ক ও দলীয় কর্মীরা। পাশাপাশি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামী এক মাসব্যাপী বিভিন্ন সেবামূলক ও সামাজিক কর্মসূচি নেওয়া হবে বলেও জানা গিয়েছে। আজ সন্ধ্যায় জলপাইগুড়ি জেলা জুড়ে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি রয়েছে বলে খবর দলীয় সূত্রে।
বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে আজ সল্টলেকে অন্নপূর্ণা দিবস উদযাপন করা হয়। সেখান থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, এবার থেকে প্রতি বছর ১৭ অক্টোবর অর্থাৎ প্রধানমন্ত্রীর জন্মদিনে রাজ্যে অন্নপূর্ণা দিবস পালন করা হবে। এদিন ওই বিশেষ অনুষ্ঠানের ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজেও।