ওঙ্কার ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে যুবকদের জন্য ৬২,০০০ কোটি টাকার উন্নয়ন প্যাকেজের উদ্বোধন করেছেন। এই প্যাকেজ মূলত দেশের যুবশক্তিকে শিক্ষিত, দক্ষ ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে গৃহীত।
প্রধানমন্ত্রী বলেন, “ভারত জ্ঞান ও দক্ষতার দেশ। এই শক্তি আমাদের সবচেয়ে বড় শক্তি। যখন তা দেশের প্রয়োজনের সঙ্গে মিলিত হবে, তখন প্রভাব অনেকগুণ বৃদ্ধি পাবে।” তিনি আইটিআই কে আত্মনির্ভর ভারতের কর্মশালার হিসেবে উল্লেখ করে বলেন, “আইটিআইগুলি কেবল শিল্প শিক্ষার প্রতিষ্ঠান নয়, দেশের যুবশক্তিকে আত্মনির্ভর এবং দক্ষ করে তোলার মূল কেন্দ্র।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান দুটি উদ্যোগের ঘোষণা দেন। প্রথমটি হল পিএম সেতু বা প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড আইটিআইস। এই প্রকল্পের অধীনে দেশের ১,০০০টি সরকারি আইটিআই আধুনিকায়ন করা হবে। প্রতিটি হাব আইটিআইয়ের সঙ্গে চারটি স্পোক আইটিআই যুক্ত থাকবে, যা উন্নত অবকাঠামো, আধুনিক ট্রেড, ডিজিটাল লার্নিং সিস্টেম এবং ইনকিউবেশন সুবিধা সমৃদ্ধ হবে। দ্বিতীয় উদ্যোগে দেশের আইটিআই থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৪৬ জন শিক্ষার্থীকে কৌশল দীক্ষান্ত সমারোহ অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননা দেওয়া হবে।
এছাড়া, প্রধানমন্ত্রী বিহারের জন্য বিশেষ কিছু প্রকল্পের উদ্বোধনও করেন। এর মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী নিশ্চয় স্বয়ং সহায়তা ভাতা যোজনা, যার আওতায় প্রতি বছর প্রায় পাঁচ লাখ স্নাতক যুবককে দুই বছরের জন্য মাসিক ১,০০০ টাকা ভাতা এবং বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে। তাছাড়া, বিহার ছাত্র ঋণ কার্ড যোজনা এর মাধ্যমে স্নাতক শিক্ষার্থীরা সর্বাধিক ৪ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত শিক্ষা ঋণ পাবেন।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “আজকের এই উদ্যোগ বিহারের যুবকদের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। এই প্রকল্পগুলি তাদের দক্ষতা, শিক্ষা এবং উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক হবে।” এই প্যাকেজের মাধ্যমে দেশের যুবশক্তিকে শক্তিশালী করার পাশাপাশি, সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশা প্রকাশ করা হয়েছে।
