ওঙ্কার ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ঘুরছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পুরনো ভিডিও। যেখানে তিনি জোর দিয়ে বলেছেন, ১৪ তারিখ বিহার নির্বাচনের গননার পর এনডিএ সর্বকালের সবচেয়ে বড় জয় পাবে। প্রধানমন্ত্রীর এই ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি বেশ কিছু প্রশ্ন জাগিয়ে তুলেছে। SIR-এর পর দেশে প্রথম নির্বাচন হল বিহারে এবং ইন্ডিয়া জোটের লাগাতার জনসমাবেশের পর কী ভাবে এত জোর দিয়ে নরেন্দ্র মোদী জয়ের ব্যাপারে নিশ্চিত হলেন। এবং এও বললেন যে এনডিএ-র এই ভোটে সর্বকালের রেকর্ড ভেঙে দেব !
ওই ভিডিওতে প্রধানমন্ত্রীকে এক জনসভায় বলতে শোনা যাচ্ছে, “আমি নিশ্চিত, এনডিএ এই বছর বিহারে তাদের সর্বকালের সবচেয়ে বড় জয় পাবে। ১৪ নভেম্বর মহাউৎসবের জন্য প্রস্তুত থাকুন।” সেই ভবিষ্যৎ বাণী যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে শুক্রবার। বিকাল ৩.১৯ মিনিট পর্যন্ত ২০৮টি আসনে এগিয়ে থেকে এনডিএ ২০১০ সালের নির্বাচনী রেকর্ড ভেঙে দিয়েছে যেখানে তারা ২০৬টি আসন পেয়েছিল। এদিন সন্ধ্যায় তিনি জাতীয় রাজধানীতে বিজেপির দলীয় কার্যালয়ে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। যেখানে বিহারে এই বিপুল জয়ের জন্য শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে।
২৪৩ সদস্যের বিহার বিধানসভায়, বিজেপি ৯৫টি আসনে এগিয়ে থেকে একক বৃহত্তম দল হিসেবে উঠে আসছে। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডিইউ ৮৪টি আসনে, কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ২০টি আসনে, কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আওয়াম মোর্চা পাঁচটিতে এবং রাজ্যসভার সাংসদ উপেন্দ্র কুশওয়াহার জাতীয় লোক মোর্চা চারটিতে এগিয়ে রয়েছে। ২০১০ সালের নির্বাচনে এনডিএ ২০৬টি আসন জিতেছিল যার মধ্যে জেডি(ইউ) ১১৫টি এবং বিজেপি ৯১টি আসন পেয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিহার নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল মহিলা ভোটারদের ভূমিকা। তাদের অভূতপূর্ব জনসমাগম নীতিশ কুমার সরকারের হাতে থালায় করে জয় তুলে দিয়েছে বলে জানা গেছে।

নির্বাচনের ঠিক আগে ৭৫ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০,০০০ টাকা করে পাঠিয়েছে বিজেপি। যার মোট অঙ্ক ৭,৫০০ কোটি টাকা। এবার ভোটদানের ক্ষেত্রেও ইতিহাস গড়েছে বিহার। ভোট পড়েছে ৬৭.১৩ শতাংশ। যা রাজ্যের সর্বকালের রেকর্ড ছাপিয়ে গেছে। মহিলা ভোটারদের উপস্থিতি ছিল ৭১.৭৮ শতাংশ, যেখানে পুরুষদের ভোট ছিল ৬২.৯৮ শতাংশ। ভোট গ্রহণ হয়েছে দু দফায়। ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর। কৌশলবিদরা বলছেন যে বিহারে জয় – একমাত্র হিন্দিভাষী উত্তরাঞ্চলীয় রাজ্য যেখানে বিজেপি কখনও একা শাসন করেনি। এই ফলাফল আগামী বছর নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া অন্যান্য রাজ্যগুলিতে বিজেপির সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে। অসম, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু সহ রাজ্যগুলিতে আগামী বছর নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই রাজ্যগুলির মধ্যে, বিজেপি ক্ষমতায় রয়েছে শুধুমাত্র অসমে।
