ওঙ্কার ডেস্ক: একাদশ শ্রেণীর এক ছাত্রকে যৌন হেনস্থার অভিযোগ এক শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের এক অভিজাত স্কুলে। ইতিমধ্যে অভিযুক্ত ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, নির্যাতিত ছাত্রকে মুম্বইয়ের বিভিন্ন পাঁচ তারা হোটেলে নিয়ে যেতেন অভিযুক্ত ওই শিক্ষিকা। সেখানে নিয়ে গিয়ে তার যৌন নিগ্রহ করতেন। গোটা ঘটনার কথা ওই ছাত্র তার পরিবারকে জানায়। এর পর ওই ছাত্রের পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে একটি সমবেত নৃত্য শেখানোর সময় অভিযুক্ত শিক্ষিকা ছেলেটির সংস্পর্শে আসেন।
দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে ছেলেটিকে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ। ২০২৩ সালের ডিসেম্বরে ওই শিক্ষিকা ছাত্রটির সংস্পর্শে আসেন এবং ২০২৪ সালের জানুয়ারিতে প্রথম যৌন সম্পর্ক করেন তার সঙ্গে। সংবাদ মাধ্যম সূত্রে দাবি, ছেলেটি যখন প্রথমে বাধা দেয় এবং শিক্ষিকাকে এড়ানোর চেষ্টা করত, তখন তাকে রাজি করানোর জন্য স্কুলের সঙ্গে যুক্ত নয় এমন একজন মহিলাকে দায়িত্ব দেন ছেলেটিকে সম্পর্কে রাজি করাতে। ওই মহিলা কিশোর ছাত্রটিকে বলে, বয়স্ক নারী এবং কিশোর ছেলেদের মধ্যে সম্পর্ক ‘বেশ সাধারণ’। শুধু তাই নয় সে এবং শিক্ষিকা ‘একে অপরের জন্য তৈরি’ বলে জানান তিনি। এই ঘটনায় তৃতীয় ওই মহিলার বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। শিক্ষিকার ক্রমাগত নির্যাতনের মুখে পড়ে ছেলেটি উদ্বেগে ভুগতে থাকেন। অভিযোগ, এর পর পরে ছেলেটিকে অ্যান্টি-অ্যাংজাইটি ট্যাবলেট খেতে দিয়েছিলেন ওই শিক্ষিকা। তার আচরণে পরিবর্তন আসায় বাড়ির লোক জানতে চাইলে গোটা ঘটনার কথা সে পরিবারকে বলে।
