শ্রাবণটুলির মাঠ
সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জী
বৈশাখ এলে ভাবনা জন্ম নেয়
পুরনো হিসেব ভেসে গিয়েছে জলে
কারখানারা বন্ধ হচ্ছে রোজ
শুধু একই সুরে সুমন গেয়ে চলে
অতি লোভে তাঁতি নষ্ট সকলে জানে
ফারাক কমছে দোস্ত ও দুশমনে
সাগর আকুল চাঁদের আহবানে
আর বেটিং চলে ইডেনের বাগানে
বৈশাখ হা ক্লান্ত এক দোয়েল
পুঞ্জ পুঞ্জ বালতি এসে জমে
সুমন শোনায় ঘুড়ির ঝাঁকের গল্প
ঝগড়া শোনে পাড়ার টিউব ওয়েল
বৃষ্টির ডাকে বাতাসেরা আনচান
তারায় তারায় মেঘেদের ফিসফাস
ভিনগ্রহী মেঘ লিখে চলে ইতিহাস
রোয়াক মাতাল কুন্দ ফুলের ঘ্রাণে
তবে কি একটা কালবৈশাখী হবে?
হাওয়ার দাপটে পাল্লারা তোলপাড়
সং সাজা লোক মেলা ছেড়ে দে ছুট
আজ বৈশাখে বৃষ্টির নেই ছাড়
বৃষ্টি আদরে দহন ভুলেছে শহর
রাত গড়ায় প্রহর থেকে প্রহরে
আকাশ গাইছে বৃষ্টি মলহার
চাঁদ থমকায় জলের মৃদু লহরে
আজ বৃষ্টিতে স্মৃতিরাই মেহমান
শহর ও চশমা মিলেমিশে ভিজে চলে
মেঘ গেছে চলে চেনা সে মফস্বলে
রেডিওয় বাজে রবি ঠাকুরের গান…