জোনাকির আলো
শিবানী বাগচী
হয়তো তুমি ভাবো,
দূরত্ব মানে ভুলে যাওয়া, আর আমি ভাবি,
দূরত্ব মানে, মনে রাখার আরেকটা রূপ।
কাছে থাকলে আমরা রোজ ঝগড়া করি
কে বেশি ভালোবাসে তাই নিয়ে,
দূরে গিয়ে বুঝলাম —
ভালোবাসা কোনো প্রতিযোগিতা নয়
ভালোবাসা একটা নদী, দূরে গেলেও বয়ে যায়।
মায়ের চুলের গন্ধটা এখনও আমার
নাকে লেগে আছে, সে গন্ধে কোনো শ্যাম্পুর গন্ধ নেই,
আছে ভাতের গন্ধ, মাটির গন্ধ, আর একটা
অদ্ভুত মায়া ভরা গন্ধ, যে গন্ধ শুঁকলে মনে হয়,
আমি এখনও মায়ের আঁচলেই নিরাপদ।
মনে পড়ে, মায়ের আঁচলের গন্ধ?
মা যখন রান্নাঘর থেকে বেরোতো, আঁচলে —
হলুদের দাগ লেগে থাকতো,
সেই আঁচল দিয়ে মা আমার মুখ মুছিয়ে দিতো
আমি বিরক্ত হতাম,
বলতাম, মা দেখো আঁচলটা কতো নোংরা,
মা বলতো, এই নোংরাটাই তো তোর মা?
আজ আমি বুঝি, সেই হলুদের দাগটাই ছিল
আমার পৃথিবীর সবচেয়ে পবিত্র রঙ,
কারণ ওই রঙে কোনো অভিনয় ছিল না
ওই রঙে ছিল ঘাম, ছিল মমতা, সারাদিনের পরিশ্রম।
তুমি জানো, আমার সবচেয়ে ভয়টা ছিল
আমি একদিন মাকে ভুলে যাবো
মায়ের মুখটা ঝাপসা হয়ে যাবে, কিন্তু হয়নি ;
বরং যত দূরে গেছি —
মায়ের মুখটা তত স্পষ্ট হয়ে উঠেছে !
তুমি জোনাকির কথা বলছিলে না?
সে একা জ্বলে না, দল বেঁধে জ্বলে ;
একটা জোনাকি নিভে গেলে,
আরেকটা জ্বলে ওঠে ; ঠিক মায়ের মতো
মা চলে গেলেও, মায়ের আলোটা কখনো নেভে না —
আলোটা আমার ভেতরে এসে বাসা বাঁধে।
আজ আমি অন্ধকারকে ভয় পাই না
অন্ধকার হলেই আমি চোখ বন্ধ করি,
আর শুনতে পাই, মা ডাকছে —
আয় মা, ভাত খাবি আয়!
সেই ডাকটা এখনও আমার কানে বাজে,
যেন মা কোথাও যায়নি, মা এই ঘরেই আছে,
শুধু একটা আড়াল তুলে,
তাই আমি বলি, যদি দূরত্ব তৈরি হয়, হোক না
দূরত্ব আলাদা করে না, সম্পর্ক গভীর করে।
যে মেয়েটা বাঁশ বেয়ে পতাকা ছুঁয়েছিল,
সে এখন আকাশ ছুঁয়েছে।
আর আমি? আমি মাটিতে বসে আকাশ দেখছি,
আর ভাবছি, আকাশ আর মাটির মধ্যে
যে দূরত্বটা আছে, সেটাই তো আসল ভালোবাসা ;
কারণ আকাশ না থাকলে যেমন মাটির অস্তিত্ব নেই,
ঠিক তেমনই মাটি না থাকলে আকাশ মুল্যহীন।
যদি কিছুটা দূরত্ব তৈরি হয় হোক না, ক্ষতি কি?
হারিয়ে তো যাইনি? জোনাকি হয়ে গেছি অন্ধকারে,
অনেক দূর থেকে একে অপরকে আলো দেখিয়ে যাচ্ছি।
তাইতো অন্ধকার হলে আমি জোনাকি খুঁজি না,
আমি চোখ বন্ধ করি আর দেখি মায়ের চুলের ফাঁকে,
আমার শৈশবটা এখনও জোনাকি হয়ে জ্বল জ্বল করছে।