Skip to content
নভেম্বর 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রবি লেখা
  • গল্প – কল্লোল চক্রবর্তী

গল্প – কল্লোল চক্রবর্তী

Online Desk নভেম্বর 22, 2026
কল্লোল-চক্রবর্তী.jpg

অযোনিসম্ভূতা

কল্লোল চক্রবর্তী

সদানন্দ? একী! কোথায় সে বাবরি চুল? ভরাট মুখ? জিম-এ ভাঁজা শরীর? মাথার মাঝখানে সিঁথি করা দুপাশে নামা ঢেউ খেলানো চুল?

অমিতের কথা সরছিলনা। বাজারে কিছুদিন আগে বন্ধ হওয়া মুরগির দোকানের সামনে দুজনে দাঁড়িয়ে।

‘এ কীরকম হল?’ অমিতের কাতরোক্তি।

‘সুগার। ভাই।’

‘ড্যাম। বড্ড বিশ্রী রোগ।’

‘হুঁ। কোনো শত্রুর যেন না হয়। তা তোমার?’

‘ভয়ে মাপায়নি।’

‘ও ভুলটা কোরোনা। ব্লাড-প্রেসার, সুগার আর কোলেস্টরোল। বারে বারে চেক করাবে। একবার ধরে গেলে আর কিছু করার নেই। মরা পর্যন্ত মেডিকেশনে থাকা।’

সদানন্দর বাড়ির সামনে দাঁড়িয়ে অমিতের কথাগুলো মনে পড়ছিল। পুরোনো কোন আমলের ছাই ছাই রঙের দোতলা বাড়ি। বিশাল সবুজ দরজা। তার এক পাশে পুরোনো দিনের ডাকঘন্টি। দোতলার জানলায় বসে অচেনা একটা পাখি পিক্ পিক্‌ করে ডাকছে। বাড়িটার ছায়ায় সকালের হাওয়া। বেশ ঠান্ডা ঠান্ডা। পৃথিবী স্থবির এক বৃদ্ধ। তার রহস্যের মারপ্যাঁচ অনন্য। সদানন্দের কাছে কেন অমিত, তার তো এমন সহানুভূতির রোগ খুব একটা ছিলনা। তাছাড়া, সদানন্দ তার বন্ধু নয়। রক্তের সম্পর্কে আত্মীয় নয়। একসঙ্গে অনেক দূর ডেলি প্যাসেঞ্জারি সেই কোন এক সুদূর অতীতে, তখন তার পাড়াতেও একহারা গরিব গেরস্ত বাড়ি, এছাড়া মায়াকানন। চারদিকে গাছ। ফুল ফোটানোর গাছ। ফল ধরানোর গাছ। বা অযাচিত ছায়াদানের প্রসারতা। এইতো সে এক পৃথিবী। এখন এ তল্লাটে সদানন্দর বাড়ি বেমানান। রং চটা। জায়গায় জায়গায় দাঁত বার করা ইট। কোথাও পত্রপল্লবে আহ্লাদিনী এক বৃক্ষ। তার শিকড় অন্দরে গিয়ে যুদ্ধ করে ভেঙে দেয় দেয়াল। সে বাড়িতে সদানন্দ। তার কাছে কেন আসা? ভাববেই বা কী? কেন এই মায়া যাপন, এইভাবে ঢুকে পড়া তার শরীর পাঁজর হাড়ে – দুঃখী দুঃখী মুখ করে জেনে নেওয়া রোগের বিষয়।

আচম্বিতে কলিং বেলে হাত। কিছু পরে পায়ের শব্দ। কোনো স্বর্ণকন্ঠীর দূরালাপ, ‘যাই।’

হয়তো, এমনটা ভাবা ভাবনার অতীত। হয়তো, সদানন্দ এরকম ভাগ্যবান আগে জানা নয়। বহু দিন তো, গাড়িতে ঝালমুড়ি, ভাঁড়ে চা, তবু জানা হয়নি সদানন্দ এতো সুখী। সেও তো জানতে চায়নি, অমিত, অমিতের সংসার। তার গেরস্থ দীন যাপন।

‘আপনি?’

‘আমি অমিত। সদানন্দ’র বন্ধু। কেমন আছে ও?’

‘খুব একটা ভালো নেই।’

স্বরে প্রবাসী বাঙালির টান। দীর্ঘ সময় ধরে বয়সকে ধরে রাখা। এতো সুন্দরী! তবু পথে ঘাটে, কখনও? না।

তার কালো কোঁকড়ানো চুল। দাগবিহীন গাল। কপালে আঁজিময় রেখা, তাও অনুপস্থিত। শরীর থেকে উঠে আসছে ভুর ভুরে গন্ধ। পদ্ম যোনি। বা, পদ্মিনী। হাড়গিলে সদানন্দর এরকম সুন্দরী বউ! ধ্যাৎ। তার শাডি, থ্রি কোযার্টার ব্লাউজ। শাড়ির প্রান্তে কাজ করা লেস লাগানো শায়া। এছাড়া, না। ভাবা উচিত হবেনা। দেহসৌষ্ঠব এতো নিখুঁত। তা কি ৩৬-২৪-৩৬?

‘আসুন। দাঁড়িয়ে রইলেন কেন?‘

‘হ্যাঁ। হ্যাঁ।’

তার চলায় সুনিবিড় ছন্দ। আর, আধো অন্ধকারে ছড়িয়ে পড়া, জড়িয়ে পড়া সুবাস। সিঁড়ির আধো আলো আধো ছায়ায় কালো সিমেন্টের ধাপ। এখন উঠতে বেশ কষ্ট হয়। তা বেড়ে যায় অবাধ্য ছোকরার মতন মায়া ও দয়াবিহীন। কিন্তু ঘোর আবেশে চলা এই মুহূর্ত কী ভাবে কী ভাবে স্বপ্নের জগতে – যে জগতে ইট কাঠ পাথর নেই। দিগন্ত অবধি ছড়ানো আকাশ, নীল ও সাদা মেঘের খন্ড। এক আবোল তাবোল নদী। কত গাছ। কত পাখি। অচেনা কোনো সুর। দুহাত শূন্যে ছঁড়ে নৃত্যের সখির ভঙ্গিমায় সে। সদানন্দর বউ।

হাওদাখানার মতো ঘর। তার বাইরে পুরোনো অলংকরণে লোহার রেলিং বসানো বারান্দা। ঘরের মেঝেয় আদ্যি কালের মার্বেল। বড়ো বড়ো জানলা দিয়ে আসা হাল্কা বাতাসে পুরোনো আসবাবের গন্ধ। দেয়ালের রঙ মলিন সাগর সবুজ। একটা আদ্যিকালের বিশাল ছত্রি লাগানো পালঙ্ক। সেখানে যেন হাড়-চামড়ার সখ্যতা নিবিড় এমনই সদানন্দ। সে আলতো হাসে। প্রায় অস্ফুটে বলে, ‘খবর নিতে এসেছ ভাবিনি। কেউই তো আসেনা।’

ঘরে তার অনুপস্থিতি, সেই সুন্দরীর। কিন্তু, কয়েক মুহূর্ত বাদে সে প্রকট। অমিতের জিভ শুকিয়ে যায়। তার সামনে একটা টিপয়। বেতের চেয়ার। চা ও বিস্কুট। বেশ দামি চা। সুন্দর গন্ধ।

সুন্দরীর নরম স্বর, ‘আপনার চা।’

‘হ্যাঁ। হ্যঁ।’

সে চলে যায়। যদিও ঘরে তার সুবাস রয়ে গেছে।

একটা বিশাল দরজার বাইবে অমিতের চোখ। বারান্দায় অর্কিড।

‘এতো অর্কিড?’

‘সবই ওর হাতের। দেখলে দেখতে পারো।’

‘আচ্ছা। চা টা শেষ করে…’

‘হুঁ। ঠিক আছে।’

সুন্দরী আবার আসে। তার হাতে কিছু ট্যাবলেট ও এক গ্লাস জল

‘ওষুধ?’ অমিতের প্রশ্ন।

‘হ্যাঁ। একটু আগে ব্রেকফাস্ট করেছে। সুগারটা বেড়ে আছে। ওষুধেও কমছেনা। এতো পাজি রোগ।’

‘আর বলবেন না। আগেকার দিনে এসব কিছু ছিলনা। পল্যুশন। নিরাপত্তাহীনতা। গাছগাছালি উজাড় করে বড়ো বড়ো সব বাড়ি।’

যত কথা তত মুগ্ধতা। সেই সুরের মূর্ছনার মতো অভিব্যক্তি। মন জয় করা যাবে কি? অমিততো সংসারি মানুষ। বউ মৃদুলা আর উনিশে পড়ল পর্ণা, ওর মেয়ে। চাকরিও বেশিদিন নেই। অন্যরকম কিছু ভাবা ঠিক না। কিন্তু, সদানন্দের এই শরীর, তবু বউয়ের ওপর তার সতর্ক কিছু তাকানো। তাই, সে হারায় ক্ষণে ক্ষণে। এখন যেমন এই আখাম্বা বাড়িটার কোথাও সে নারীর একাকীত্ব, মনের সঙ্গে যুদ্ধ। হয়তো। এমনিতেই খুব আহামরি দেখতে নয়, এমন মেয়েরা, ভোগী, রোগসর্বস্ব স্বামীর দেখভাল করার আড়ালে কোথায় যে কত কী। অফিসের রিনা, তাকে দেখা গিয়েছিল, অফিসের কুমুদের সঙ্গে ডায়মন্ড হারবারের হোটেল থেকে বেরিয়ে আসতে। পরে জানা গিয়েছিল, বাড়িতে তার বরের ড্রিপ চালিয়ে দিয়ে সে বাইরে। মানিক বন্দোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার মতো – কুসুম তোমার শরীর আছে। মন নাই।

অমিত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, সে একবার করে প্রতিদিন হয়তো নয়, সময় সুযোগ পেলেই, সকালে হয়তো নয়। কখনও পশ্চিমের পড়ন্ত বিকেলে সে মেয়ের শরীর। এল ই ডি বাল্বের আলোয়। নানারকম মুহূর্তে তার শরীরি ভাাষার ছবি। অমিত চিত্রকর নয়। হলে, ক্যানভাসে ফুটিয়ে তুলত। তবে, মনের ক্যানভাসতো অনেক বড়ো। বিশাল তার আকার ও আয়তন।

মৃদুলার শরীর অস্পষ্ট হয়ে ওঠে। তার সমস্ত বিভঙ্গকে এতোদিন কীভাবে পাত্তা দিয়ে এসেছে। কখনও গদগদ হয়েছে। এইসব প্রশ্ন তাকে একা করে দিচ্ছে। সদানন্দ কিছু বলছে শোনা হয়ে উঠছেনা।

সে দরজা পর্যন্ত এগিয়ে দিতে এসেছিল। বলেছিল, ‘আবার আসবেন।‘

উত্তরে অমিত বলেছিল, ‘অবশ্যই আসব।’

‘ওতো অসুস্থ। আপনি এলে একটু নিঃসঙ্গতা কাটে। অন্তত কিছুক্ষণের জন্যে।’

কতদিনের চেনা রাস্তা। শহরতলির গলি। এবড়ো খেবড়ো। খোলা নর্দমা। জায়গায় জায়গায় কড়া রোদ। এরই মধ্যে কিছু ঘাস। কিছু বনজ চারা। দু একটা গাছ। আধ খোব্‌লানো আকাশ। কাকেদের ডাস্টবিনে ভিড়। রাস্তার কুকুরদের মত্ততা, ও, বেড়ালের এ পাড়া ও পাড়া করার দৌড়। সব তেমনই। কিন্তু তা নয়। সব তেমনই তবু রূপকথার মতো। সুররিয়াল কোনো কিছু। চারদিকে স্ট্রবেরি স্ট্রবেরি গন্ধ। পাশ দিয়ে চলে যাওয়া মানুষজন যেন সুখী সব। বড়ো রাস্তার সেই প্রবল জ্যাম জট – খিস্তি। মটর সাইকেলের দাপাদাপি, বা, অগুণতি টোটোর সার – দুপাশে রাস্তার অনেকটা জুড়ে বাজার। মানুষ। ভিড়। অসহ্য এক বিরক্তি অন্যদিন। আজ মনে হচ্ছে, কোথাও যেন রবিশংকর জৌনপুরি বাজাচ্ছেন। বাসস্ট্যান্ডের সামনে বরাবরই একটা কদাকার ভিড়। অশ্লীল ছ্যাবলামো। আজ অমিত সেসব গায়ে মাখছেনা। একজন সুন্দরী নারী এমন করে সব বদলে দিতে পারে? মাথা নেড়ে অমিত বোকাবোকা হাসল। বাড়ির গলিতে এসে শ্যাওলার গন্ধ, নোনা ইটের প্রাচীন আবেশ, রোদ ও ছায়া, সেসবের মধ্যে যেন কোনো এক মুক্তি বা নিদারুণ ভাবে বন্দি হওয়ার দ্বন্দে নিজেকে মনে করল, গোটা পৃথিবীর সে এক মুকুটহীন সম্রাট।

নিজের মধ্যে এতো যুদ্ধ? এতো তার নিষ্করুণ অত্যাচার? ভেতর ভেতর একটা ভয় উবু হয়ে বসে থাকে সর্বক্ষণ। সে কি আর তবে কোনোদিন ঐ সুন্দরীর, ঐ সৌন্দর্যের, ঐ বিভার কাছে পৌঁছতে পারবেনা? সে কি শুধু মনেই থেকে যাবে? এক দুর্মর লজ্জার নাগপাশে ঘেরা অমিতের পুঁজি বলতে ছটফটানি। শুধু ছটফটানি। মৃদুলা অবাক হয়ে যায়। মেয়ে পর্ণা বাবাকে দেখে, কী এক ঘোরের মধ্যে তার বাবা। মৃদুলা ভয় পায়। পর্ণা গভীরভাবে ভাবে। অমিত নিঃশব্দে শুধু সময় কাটায়। অফিস না গেলে হবেনা, তাই যায়। ফাইলের ভেতর ফাঁকা জমিতে ফুল আঁকে।

সপ্তাহখানেক বাদে অমিত সদানন্দর বাড়ির কলিং বেল বাজায়। একটা চাকর মতো লোক দরজা খোলে।

‘সদানন্দ?’

‘হাঁ জি। উপর মেঁ। আইয়ে।’

দুর, শালা! সে গেল কোথায়? সে? এত যুদ্ধ করে এসে যদি তারই দেখা না পাওয়া যায়…

না, সে নেই।

সদানন্দর চাকর চা দিয়ে গেল।

অমিত স্থির থাকতে পারেনা, বলে ওঠে, ‘ম্যাডাম কি বাপের বাড়ি?’

‘না। না। কাল রাতে এ এলাকায় পাওয়ার ছিলনা। চার্জ-এ দিতে পারিনি।’

‘মানে?‘

সদানন্দ মুখে মৃদু হাসি মাখিয়ে বলল, ‘ও অযোনিসম্ভূতা।’

Continue Reading

Previous: ঘাসফুল প্রতীক-বিতর্কে নয়া মোড়, এবার ঋতব্রত ও অরূপের বিরুদ্ধে অভিযোগ দায়ের কালীঘাট থানায়!
Next: ওয়েলিংটনে ইতিহাস গড়ল ভারত, ৭২০ রানে ইনিংস ঘোষণা গিল’দের

সম্পর্কিত গল্প

Poets-of-the-Serene-Literary-Garden.png

উত্তর ভারতের মহীয়সী নারী কবি

Online Desk নভেম্বর 22, 2026
গদ্রবঙ্গার-অভিশাপ.jpg

ধারাবাহিক : গদ্রবঙ্গার অভিশাপ

Online Desk নভেম্বর 22, 2026
ভক্ত-গোপাল-ভট্টাচার্য.jpg

কবিতা : ভক্ত গোপাল ভট্টাচার্য

Online Desk নভেম্বর 22, 2026

You may have missed

1000480444.webp

পুরভোটের আগে বাদ পড়া ভোটারদের আবেদন মেটাতে তৎপর শীর্ষ আদালত, শুনানিতে দুই নির্দেশ

Online Desk নভেম্বর 23, 2026
1000262907.jpg

পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা! পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মিনিবাস উল্টে মৃত্যু ৭ জনের, জখম আরও ৭

Online Desk নভেম্বর 23, 2026
1000245068.jpg

বাড়ির ভিতর থেকে বৃদ্ধ দম্পতির দেহ উদ্ধার! দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের

Online Desk নভেম্বর 23, 2026
New-Project-58.webp

ওড়নার ফাঁসে স্ত্রীকে ঝুলিয়ে খুনের চেষ্টা, প্রাণভিক্ষা চেয়ে বাঁচলেন মহিলা, অভিযোগ দায়ের থানায়

Online Desk নভেম্বর 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.