ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকা সংশোধনের কাজে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবেদন যাতে দ্রুত শেষ হয়, সে জন্য সোমবার নির্বাচন কমিশনকে কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়।
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এদিন মামলাটি শোনে। সঙ্গে ছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহন। আদালতের পর্যবেক্ষণ, ট্রাইবুনালের সংখ্যা আরও বাড়ানো দরকার। এ জন্য কলকাতা হাই কোর্টের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কমিশনকে।
আদালত জানিয়েছে, ট্রাইবুনালে এখন দুই রকমের আবেদন আসছে। কেউ বলছেন, তাঁর নাম ভুল করে বাদ দেওয়া হয়েছে। আবার কেউ বলছেন, অন্য কারও নাম ভুল করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই দুটি বিষয়কে এক সঙ্গে না দেখে আলাদা করে বিচার করতে হবে। প্রথমে বাদ পড়াদের আবেদনগুলিকে গুরুত্ব দিয়ে শেষ করতে হবে। তারপর অন্তর্ভুক্তির বিরুদ্ধে ওঠা আপত্তিগুলি দেখা যাবে।
যেসব এলাকায় সামনে পুরসভার ভোট রয়েছে, সেখানকার বাদ পড়া ভোটারদের বিষয়টিকে সবচেয়ে আগে রাখতে বলেছে বেঞ্চ। কলকাতা পুর এলাকার ক্ষেত্রেও একই নিয়ম মানতে হবে বলে জানানো হয়েছে।
আবেদনকারীদের সুবিধার কথাও ভেবেছে আদালত। ট্রাইবুনাল যাতে এমন জায়গায় বসে, যেখানে সাধারণ মানুষ সহজে পৌঁছতে পারেন, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। কলকাতার বিভিন্ন সুবিধাজনক জায়গা বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এই রাজ্যে সংশোধনের সময় ৬০ লক্ষেরও বেশি নাম নিয়ে প্রশ্ন উঠেছিল। সেগুলিকে আপাতত ঝুলিয়ে রাখা তালিকায় ফেলা হয়। পরে শীর্ষ আদালতের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে একটি ট্রাইবুনাল তৈরি করা হয়। সেই ট্রাইবুনালই তথ্যের গরমিল সংক্রান্ত বিষয়গুলি দেখছে। অনেকেই নিজেদের বৈধ ভোটার দাবি করে আবেদন করেছেন। কয়েকটির ফয়সালা হলেও বেশিরভাগ এখনও ঝুলে রয়েছে।
আগে শীর্ষ আদালতই এই কাজের দায়িত্ব হাই কোর্টের হাতে তুলে দিয়েছিল। হাই কোর্টের প্রধান বিচারপতিকে বলা হয়েছিল অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে ট্রাইবুনাল গড়তে। সেই অনুযায়ী কাজ চলছে।
এই মুহূর্তে ট্রাইবুনালে ১৭ জন অবসরপ্রাপ্ত বিচারপতি রয়েছেন। কিন্তু প্রতিদিন শুনানি হচ্ছে না বলে খবর। ফলে জমে থাকা আবেদনের সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। আদালতের ধারণা, বিচারকের সংখ্যা বাড়লে এবং নিয়মিত শুনানি হলে এই জট তাড়াতাড়ি কাটবে।