ওঙ্কার ডেস্ক: পাকিস্তানে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত সাত জন। আহত হয়েছেন আরও সাত জন। সোমবার পঞ্জাব প্রদেশের বাহাওয়ালপুর জেলায় একটি যাত্রীবোঝাই মিনিবাসের পিছনে সজোরে ধাক্কা মারে পাথরবোঝাই ট্রাক। সেই সংঘর্ষের অভিঘাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মিনিবাসটি। তার নীচে চাপা পড়েন যাত্রীরা।
পুলিশ ও উদ্ধারকারী সূত্রে জানা গিয়েছে, বাহাওয়ালপুর জেলার উচ শরিফের কাছে দুর্ঘটনাটি ঘটে। লাহোর থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দূরে ওই এলাকা। মিনিবাসটিতে চালক-সহ মোট ১৪ জন যাত্রী ছিলেন। তাঁদের নিয়ে খাইরপুর তামেওয়ালির দিকে যাচ্ছিল গাড়িটি। পঞ্জাবের জরুরি পরিষেবা সংস্থা রেসকিউ ১১২২-এর এক মুখপাত্র জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে রাস্তার উপর মিনিবাসটি থামিয়েছিলেন চালক। সেই সময় পিছন দিক থেকে একটি পাথরবোঝাই ট্রাক দ্রুতগতিতে এগিয়ে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারানোয় দাঁড়িয়ে থাকা মিনিবাসটিতে ধাক্কা মারে ট্রাকটি।
ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে রাস্তার উপর উল্টে যায় মিনিবাসটি। ভিতরে থাকা যাত্রীরা গাড়ির নীচে আটকে পড়েন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় রেসকিউ ১১২২-এর উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সাত জনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি সাত জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে দু’জনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন উদ্ধারকারী সংস্থা।